সংবাদদাতা, কাঁথি: শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়ার পূণ্য তিথিকে শ্রদ্ধা জানিয়ে বুধবার কাঁথি-এগরা মহকুমার বিভিন্ন প্রান্ত সহ সর্বত্র ‘কল্পতরু উৎসব’ অনুষ্ঠিত হয়। এদিন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশন, কাঁথি সারদা মিশন আশ্রম, দীঘা সারদা রামকৃষ্ণ সেবাকেন্দ্র সহ সর্বত্রই কল্পতরু উৎসব হয়। অন্যদিকে, কল্পতরু উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার থেকে দু’দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে ভগবানপুর-২ ব্লকের মা সারদা গ্রামমঙ্গল গুচ্ছ সমিতিতে। এই উপলক্ষ্যে বুধবার ‘গ্রাম উন্নয়নে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও গুচ্ছ সমিতির ভূমিকা’ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর ‘রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু লীলা’ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের গুচ্ছ সমিতির উপদেষ্টা স্বামী বাসবানন্দজি মহারাজ, বিশিষ্ট প্রাবন্ধিক চৈতন্যময় নন্দ সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। গুচ্ছ সমিতির পত্রিকা ‘ঋতজা’ প্রকাশিত হয়। বিকেলে ক্যুইজ প্রতিযোগিতা, যোগব্যায়াম, ক্যারাটে প্রদর্শন সহ নানা অনুষ্ঠান ও কর্মসূচি ছিল। এর আগে মঙ্গলবার ম্যারাথন দৌড়, তাৎক্ষণিক বক্তৃতা, নৃত্য, অঙ্কন, গীতাপাঠ প্রতিযোগিতা সহ নানা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন ছিল। এছাড়া দু’দিন ধরে বৈদিক মন্ত্রপাঠ, মঙ্গল আরতি, বিশেষ পুজো হোম হয় বলে জানান আয়োজকরা।



