Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথি হাসপাতালের পুরনো আউটডোর বিভাগগুলি স্থানান্তরিত হবে নয়া ভবনে

কাঁথি হাসপাতালের পুরনো আউটডোর বিভাগগুলি স্থানান্তরিত হবে নয়া ভবনে
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথি মহকুমা হাসপাতালের পুরনো আউটডোর ভবনে  থাকা বিভাগগুলির হাসপাতাল চত্বরে নতুন ভবনে স্থানান্তরিত হতে চলেছে। কাঁথি শহরের দারুয়া এলাকায় অবস্থিত মহকুমা হাসপাতালের ‘মাতৃমা’ ভবনের সামনে ওই ভবনটিতে সংশ্লিষ্ট বিভাগগুলি স্থানান্তরিত হবে। ওই ভবনটি অতিমারি পরিস্থিতিতে ‘সেফ হোম’ হিসেবে ব্যবহৃত হয়েছিল। ভবনটি কয়েক বছর ধরে বেহাল এবং পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বর্তমানে ভবনটি নতুনভাবে সংস্কারের কাজ হয়েছে। অভ্যন্তরীণ পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ চলছে। আর এতে রোগী ও তাঁদের পরিজন, চিকিৎসক-নার্স সহ স্বাস্থ্যকর্মী-সংশ্লিষ্ট সকলেরই খুব সুবিধা হবে।বর্তমানে পুরনো আউটডোরের ভবন এবং ক্যাম্পাসের মধ্যে শিশু, স্ত্রীরোগ, ডেন্টাল, আকুপাংচার, জেনারেল মেডিসিন ও যক্ষ্ণা বিভাগ চলে। যদিও আগে পুরনো আউটডোরে সব বিভাগই চলত। বেশ কয়েক বছর আগে হাসপাতাল ক্যাম্পাসে নতুন একটি ভবনে চক্ষু, নাক-কান-গলা, থ্যালাসেমিয়া, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক সহ কয়েকটি বিভাগ স্থানান্তর করা হয়। এতে অনেকটাই সুবিধা হয়েছে। শহরের হাতাবাড়ি এলাকায় অবস্থিত পুরনো আউটডোর থেকে তিন কিলোমিটারের বেশি দূরে রয়েছে মহকুমা হাসপাতাল। এরফলে মূল হাসপাতালের সঙ্গে রোগী, রোগীর পরিজন এবং চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যোগাযোগ রক্ষা করা খুবই অসুবিধা হয়। পুরনো আউটডোরে কোনও পরীক্ষার কথা বললে মূল হাসপাতালে গিয়ে করাতে অসুবিধা হয়। আবার মূল হাসপাতালে কোনও পরীক্ষার কথা বললে পুরনো আউটডোরে এসে করতে  হয়। সংশ্লিষ্ট সকলকে যাতায়াত ও যোগাযোগ রক্ষা করতে গিয়ে যথেষ্ট সময় ও অর্থ খরচ হয়। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে, কেন্দ্রীয়ভাবে বিভাগগুলি একটি জায়গায় চলে এলে দূরত্ব কমবে। রোগী ও রোগীর পরিজন তো বটেই, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদেরও সব দিক দিয়ে সুবিধা হবে। তবে যে সমস্ত বিভাগ জরুরি নয়, সেগুলি পুরনো আউটডোর ভবনেই রেখে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Advertisement
বর্তমানে হাসপাতালের ওই ভবনটিতে নতুনভাবে রং করা হয়েছে। গোটা ভবনই বৈদ্যুতিকরণ করা হয়েছে। বসেছে এসি’র পরিকাঠামো। এছাড়া রোগী ও রোগীর পরিজনদের সুবিধার জন্য সামনে টিনের ছাউনির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আনুষঙ্গিক অন্যান্য পরিকাঠামো ঠিকঠাক করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে জেলা স্বাস্থ্যদপ্তরের বৈঠকে পুরনো আউটডোরটি মূল হাসপাতাল ক্যাম্পাসে তুলে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
সম্পর্কিত সংবাদ