Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথি ব্লকের স্কুলে অতিরিক্ত ভর্তি ফি, সরব অভিভাবকরা

কাঁথি ব্লকের স্কুলে অতিরিক্ত ভর্তি ফি, সরব অভিভাবকরা
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথি­-১ ব্লকের চন্দনপুর বীরেন্দ্র শিক্ষাসদনে(উচ্চ মাধ্যমিক)আগামী শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ২৪০টাকার জায়গায় ৪৪০টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদে সরব হয়ে অভিভাবকরা মঙ্গলবার প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দেন। কিন্তু সদুত্তর না পাওয়ায় বিডিও, এসআই, জেলাশাসক, ডিআই(স্কুল)এর কাছে মেল মারফত অভিযোগপত্র জমা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। তার প্রতিলিপি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও পাঠানো হয়েছে। 
Advertisement
এই স্কুলে হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী পড়াশোনা করে। অভিভাবকদের বক্তব্য, সরকার নির্ধারিত ভর্তি ফি ২৪০টাকার সঙ্গে সরস্বতী পুজোর চাঁদা হিসেবে ১২০টাকা নেওয়া হচ্ছে। আর বাকি ৮০টাকা ‘আদার্স ফি’ হিসেবে নেওয়া হচ্ছে। সবটাই রসিদে উল্লেখ রয়েছে। তবে আদার্স ফি কী উদ্দেশ্যে নেওয়া হচ্ছে তা বলতে চাননি প্রধান শিক্ষক। অভিভাবকদের অভিযোগ, গত কয়েক বছর সরস্বতী পুজোয় খাওয়ার জন্য ১২০টাকা নেওয়া হচ্ছে। কিন্তু মিড ডে মিলের রান্নার খাবারই ছাত্রছাত্রীদের দেওয়া হয়। আলাদাভাবে ভোজের আয়োজন করা হয় না। তাহলে সেই টাকা কোথায় যায়? অভিভাবক সুভাষ মাইতি, প্রীতম মাইতি, তপন সামন্ত বলেন, ২০০টাকা বেশি নেওয়া হচ্ছে। স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েও সদুত্তর পাইনি। এই স্কুলে যারা পড়াশোনা করে তাদের অধিকাংশই দুঃস্থ পরিবারের। অবিলম্বে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন। 
কাঁথি পশ্চিম চক্রের এসআই মণি সাহা বলেন, বিষয়টি শুনেছি। স্কুল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের কাঁথি শাখার সভাপতি স্বপন জানা বলেন, আমাকে কয়েকজন অভিভাবক ফোন করে একথা জানিয়েছেন। প্রশাসন নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে। প্রধান শিক্ষক সৌমেন দাসের ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যা‌য়঩নি। ফোন ধরেননি পরিচালন কমিটির সভাপতি গণেশ মহাকুড়ও।
সম্পর্কিত সংবাদ