Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় ধৃত ১০

কেতুগ্রামে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় ধৃত ১০
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামের মোড়গ্রামে শূন্যে গুলি ছুড়ে এলাকায় গোলমাল পাকানোয় অভিযুক্তকে ধরতে গিয়ে হিমশিম খেল পুলিস। পুলিসের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের মারধর করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে চলে যায়। পুলিসের হাতের নাগালের বাইরে চলে যায় আগ্নেয়াস্ত্র বের করে হুমকি দেওয়া বিএসএফ জওয়ান ফক্করুদ্দিন মল্লিক। ঘটনায় পুলিস ন’জন মহিলা সহ মোট ১০জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃত প্রত্যেকের বাড়ি মোড়গ্রামে। মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক চার মহিলা সহ পাঁচজনকে দু’দিন পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বাকিদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রাম-১ ব্লকের মোড়গ্রামের বাগানেপাড়ার একটি মাদ্রাসার পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যা নাগাদ গোলমাল হয়। ওই মাদ্রাসার পাশেই বাড়ি ফক্করুদ্দিনের। অভিযোগ,  পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ছুটিতে বাড়ি ফেরা ওই বিএসএফ জওয়ানের সঙ্গে স্থানীয় বেশ কয়েকজনের অশান্তি হয়। সেসময় সে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। শূন্যে এক রাউন্ড গুলি ছোড়ে। খবর পেয়েই কেতুগ্রাম থানার বিশাল পুলিস বাহিনী গ্রামে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিস জিজ্ঞাসাবাদের জন্য ফক্করুদ্দিনের খোঁজ চালায়। রাতে বাড়িতেই পাকড়াও করা হয়। গাড়িতে তোলার সময়ই রে-রে করে তেড়ে আসে মহিলা সহ অনেকে। লাঠি, রড,  বাঁশ, রামদা, হাঁসুয়া নিয়ে পুলিসের গাড়ি ঘিরে ফেলা হয়। অভিযুক্তের স্ত্রীর নেতৃত্বে পুলিসকে মারধরও করা হয়। ঘটনায় এক পুলিসকর্মী জখম হন। অন্যান্য অফিসারও অল্পবিস্তর জখম হন। পুলিসের হাত থেকে ফক্করকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামের বাসিন্দাদের একাংশ। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফক্করুদ্দিন বাড়ি ফিরলেই ভয়ে থাকেন গ্রামের বাসিন্দারা। কথায় কথায় সে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লোকজনকে চমকায়। চার বছর আগে গ্রামে একটি গোলমালকে কেন্দ্র করে গুলি চালিয়ে একজনকে খুন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেসময় তাকে গ্রেপ্তারও করে পুলিস। জামিনে ছাড়া পেয়ে ফের সে চাকরিতে যোগ দেয়। তবে তাকে ফের গ্রেপ্তার করতে তল্লাশি চালানো শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ