Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামে লরির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত ২

কেতুগ্রামে লরির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত ২
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: সোমবার কেতুগ্রামের ভুলকুড়ি বাসস্ট্যান্ডের কাছে লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতদের নাম সৌরভ ঘোষ(৩৩) ও সন্তোষ দাস(৩৩)। দু’জনেরই বাড়ি কেতুগ্রাম থানা এলাকায়। তাঁরা দুই বন্ধু ছিলেন। সোমবার তাঁরা বাইকে চড়ে কাজে যাচ্ছিলেন। কাটোয়া-বোলপুর রোডের উপর দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। কেতুগ্রাম থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌরভ ও সন্তোষ কৃষি সংক্রান্ত একটি বেসরকারি সংস্থায় সেলসম্যানের কাজ করতেন। তাঁরা বাইকে ঘুরে কাজ করতেন। দু’জনে একই বাইকে চড়ে নিরোল থেকে কাটোয়ার দিকে আসছিলেন। সন্তোষ বাইকটি চালাচ্ছিলেন। ভুলকুড়ি বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে গিয়েই উল্টোদিক থেকে আসা একটি বড় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দু’জনেই লরির চাকার তলায় পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা লরিটি আটকে পুলিসকে খবর দেন। পুলিস দেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক লরিটি আটক করেছে। লরিটি তামিলনাড়ুর। বেসরকারি সংস্থার মালপত্র নিয়ে কাটোয়া-বোলপুর রোড ধরে ফুটিসাঁকোর দিকে যাচ্ছিল। 
কেতুগ্রামের বহড়া গ্রামে বাড়ি সৌরভের। সন্তোষের বাড়ি কেতুগ্রামের বেরুগ্রামে। মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে সংসার। তিনিই পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। দুই বন্ধুই কাজের সুবিধার জন্য নিরোল গ্রামে একটি ভাড়াবাড়িতে থাকতেন। সেখান থেকেই প্রতিদিন বিভিন্ন গ্রামে ঘুরে কাজ করতেন। এদিন সৌরভের ভাই সৌমেন ঘোষ বলেন, দাদা আগে আমেদাবাদে টেক্সটাইলের কাজ করত। লকডাউনে বাড়ি ফেরে। কয়েক মাস আগে ওই সংস্থায় যোগ দিয়েছিল। সন্তোষের স্ত্রী সুমতি দাস কান্নায় ভেঙে পড়েন। সন্তোষবাবুর আত্মীয় বাবর দাস বলেন, পুরো পরিবারটাই শেষ হয়ে গেল।
Advertisement
সম্পর্কিত সংবাদ