Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামে বাড়ির সামনে খেলার সময় পুকুরে পড়ে শিশুকন্যার মৃত্যু

কেতুগ্রামে বাড়ির সামনে খেলার সময় পুকুরে পড়ে শিশুকন্যার মৃত্যু
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: জেঠতুতো দাদার সঙ্গে বাড়ির সামনে বল নিয়ে খেলছিল শিশুকন্যা। বল কুড়াতে গিয়ে পুকুরের জলে ডুবে দু’ছরের ওই শিশুকন্যার মৃত্যু হল। শনিবার বিকেলে মর্মান্তিক এই ঘটনায় কেতুগ্রামের রসুইয়ে শোকের ছায়া নেমেছে। পুলিস জানিয়েছে, মৃত শিশুকন্যার নাম শিউলি দাস(২)। রবিবার কাটোয়া মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রাম-২ ব্লকের বিল্বেশ্বর অঞ্চলের রসুই গ্রামে আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান থাকায় সেখানে যান পরিবারের লোকজন। মা মাম্পি বাড়িতেই ছিলেন। কিন্তু শিশুকন্যাটি জেঠতুতো দাদার সঙ্গে খেলছিল। বল কুড়াতে গিয়েই আচমকা সে পুকুরে পড়ে যায়। ওই বালক সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে আনে। তড়িঘড়ি পরিবারের লোকজন পুকুরে নেমে তল্লাশি চালায়। কিন্তু তাঁরা প্রথমে পাননি। এরপর বিকেলে সাড়ে ৪টে নাগাদ শিশুকন্যার মৃতদেহ ভেসে ওঠে। তাকে প্রথমে কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। শিশুর বাবা গোবিন্দ দাস পেশায় কৃষক। সামান্য জমিতে চাষাবাদ করেই সংসার চালান। চার বছর আগে তাঁর বিয়ে হয়েছে। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা মাম্পি। বাবা কান্নায় ভেঙে পড়েন। এদিন হাসপাতালে দাঁড়িয়ে শিউলির জেঠু মহাদেব দাস বলেন, খুব ছটফটে ছিল শিউলি। কীভাবে যে পুকুরে পড়ে গেল বুঝতে পারছি না। আমার ছেলেটাই ওকে দেখেছে। ওর মুখেই শুনলাম বল কুড়াতে গিয়ে এমন ঘটনা ঘটেছে।
সম্পর্কিত সংবাদ