Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামে ভাগীরথী থেকে মৃত ঘড়িয়াল উদ্ধার

কেতুগ্রামে ভাগীরথী থেকে মৃত ঘড়িয়াল উদ্ধার
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: শনিবার সকালে কেতুগ্রামের নলিয়াপুরে ভাগীরথী থেকে একটি মৃত ঘড়িয়াল উদ্ধার করল বনদপ্তর। পূর্ণবয়স্ক স্ত্রী ঘড়িয়ালটির দেহ নদীতে ভেসে যাচ্ছিল। স্থানীয় মাঝিরা সেটি পাড়ে এনে বনদপ্তরকে খবর দেন। ঘড়িয়ালটির মাথায় আঘাতের চিহ্ন ছিল। এদিন কেতুগ্রাম-২ ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের নলিপুরে ভাগীরথীর ঘাটে মৃত ঘড়িয়ালটি দেখে কুমিরের আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা সেটিকে দেখতে ভিড় জমান। কৃপাসিন্ধু রাজবংশী নামে এক মাঝি সেটিকে নদী থেকে উদ্ধার করেন। তিনি বলেন, সবাই কুমির বলে চেঁচাচ্ছিল। আমি পরে দেখলাম, ওটা মরা ঘড়িয়াল। প্রায় ৭ ফুট লম্বা। কাটোয়ায় ভাগীরথীতে ঘড়িয়াল নতুন নয়। বিশেষজ্ঞরা জানান, গাঙ্গেয় ডলফিনের মতো ঘড়িয়ালেরও বিচরণক্ষেত্র হয়ে উঠছে ভাগীরথী নদী। কাটোয়া ও কেতুগ্রামের মাঝে শাঁখাই থেকে নলিয়াপুর এলাকায় ঘড়িয়াল বংশবিস্তার করছে। মাঝেমধ্যেই নদীর পাড়ের বাসিন্দারা ঘড়িয়াল দেখতে পেয়ে কুমির ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। কয়েকদিন আগে কাটোয়ার অগ্রদ্বীপেও একটি ঘড়িয়াল দেখা গিয়েছিল। কাটোয়ার রেঞ্জার শিবপ্রসাদ সিনহা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, কয়েকদিন আগে ঘড়িয়ালটির মৃত্যু ঘটেছে। সেটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ