Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় উদ্ধার হওয়া জ্যান্ত কচ্ছপকে পুজো

কাটোয়ায় উদ্ধার হওয়া জ্যান্ত কচ্ছপকে পুজো
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার গাঁফুলিয়া গ্রামে জ্যান্ত কচ্ছপকেই মহাধুমধামের সঙ্গে পুজো শুরু করলেন বাসিন্দারা। সোমবার সকাল থেকে মানুষের ঢল নামে ওই গ্রামে। ফুল, বেলপাতা দিয়ে জ্যান্ত কচ্ছপের পুজোয় মেতেছেন বাসিন্দারা। যদিও এনিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের কাটোয়া বিজ্ঞান কেন্দ্রের শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, এটি কোনও অলৌকিক ঘটনা নয়। কচ্ছপ সাধারণত জলে থাকে। হয়তো আশেপাশের কোনও জলাশয় থেকে সবার অলক্ষ্যে এসে পড়েছে।
Advertisement
কাটোয়ার গাঁফুলিয়া গ্রামে প্রাচীন একটি ধর্মরাজ মন্দির রয়েছে। সেখানে পাথরের তৈরি একটি কচ্ছপকেই ধর্মরাজ রূপে পুজো করেন বাসিন্দারা। তবে ধর্মরাজের পুরনো মন্দির ছিল গাঁফুলিয়া গ্রামের গোপপাড়ায়। একটি মাটির ঘরেই বাবা ধর্মরাজের পুজো হতো। বহু বছর আগে সেখান থেকে বেশ কিছুটা দূরে ধর্মরাজের নতুন মন্দির স্থাপন করা হয়। 
এদিন সকালে ধর্মরাজের পুরনো মন্দিরের উল্টো দিকের একটি বাড়ির বারান্দায় আচমকা একটি পূর্ণবয়ষ্ক কচ্ছপ চলে আসে। তারপরেই স্থানীয়রা তা দেখে বলতে থাকেন, বাবা ধর্মরাজ এসেছেন। এই কথা চাউর হতেই মানুষের ঢল নামে। সবাই আবার মোবাইলে ছবিও তুলে রাখেন। কাটোয়া মহকুমা বনদপ্তরের রেঞ্জার শিবপ্রসাদ সিনহা বলেন, আমরা ওই গ্রামে গিয়ে খোঁজ খবর নেব। 
সম্পর্কিত সংবাদ