Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১৪৭১কোটি টাকা ব্যয়ে রাজ্যে ৩৩৭৯ কিমি রাস্তা সংস্কার ও নির্মাণের উদ্যোগ  

১৪৭১কোটি টাকা ব্যয়ে রাজ্যে ৩৩৭৯ কিমি রাস্তা সংস্কার ও নির্মাণের উদ্যোগ
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্যে ১৪৭১কোটি ২৩ লক্ষ টাকা খরচ করে ৩৩৭৯কিলোমিটার রাস্তা সংস্কার ও নির্মাণ হবে। কোন এলাকায় কতটা রাস্তা সংস্কার করা হবে তা আগেই ঠিক হয়েছিল। তারপরও বহু রাস্তা বেহাল হয়েছে। পরে টাকা বরাদ্দ হলে সেই রাস্তাগুলি সংস্কারের কাজ হবে। রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে এই কাজ হবে। কীভাবে এবং কী ধরনের সামগ্রী দিয়ে রাস্তা মেরামত করা হবে সেই নির্দেশও দেওয়া হয়েছে। 
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে ২৪১, বীরভূম জেলায় ১৮২ কিলোমিটার রাস্তা সংস্কার হবে। মুর্শিদাবাদে ২১৪, নদীয়ায় ৫৮, পশ্চিম বর্ধমানে ৫৯, পুরুলিয়ায় ১৫৬, পশ্চিম মেদিনীপুরে ২৬৭ কিলোমিটার রাস্তা সংস্কার হবে। সব মিলিয়ে রাজ্যে ৪২৪টি রাস্তা সংস্কার করা হবে। কাজের মান দেখার জন্য আলাদাভাবে নজরদারি চালানো হবে। কোন এলাকায় কত রাস্তা সংস্কার হবে, কত টাকা খরচ হবে সেসব কিছু বোর্ডে উল্লেখ রাখতে হবে। কাজের ছবি পোর্টালে আপলোড করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। রাস্তা সংস্কারের পর তা ‘মেন্টেনেন্স’ করার দায়িত্ব ঠিকাদার সংস্থার উপর থাকে। সেইমতো অর্থ বরাদ্দ করা হয়। কিন্তু সংস্কারের কয়েকদিনের মধ্যে রাস্তা ফের বেহাল হয়ে গেলে ঠিকাদার সংস্থা তা মেরামত করে না বলে অভিযোগ। বর্ধমানের নাঁদরা এলাকা থেকেও এমন অভিযোগ উঠেছে। রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে খানাখন্দে ভরে গিয়েছে। এক আধিকারিক বলেন, যেসব ঠিকাদার সংস্থা দায়িত্বপালন করে না সেগুলিকে কালো তালিকাভুক্ত করা হবে। সংস্কারের কাজ শেষ হওয়ার পর এবার থেকে ইঞ্জিনিয়াররা একাধিকবার তা পরিদর্শন করবেন।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও অর্থ বরাদ্দ হয়েছে। আলিপুরদুয়ারে ১০০ কিলোমিটার রাস্তা সংস্কার হবে। এই জেলায় ১৩টি রাস্তায় কাজ করা হবে। কোচবিহারে ১৮৯, দক্ষিণ দিনাজপুরে ১৩৬, দার্জিলিংয়ে ১০০ কিলোমিটার রাস্তা মেরামত করা হবে। মালদহ জেলায় ১৩৮ কিলোমিটার রাস্তা ঝাঁ চকচকে করা হবে। বেহাল রাস্তাগুলির তালিকা আগেই তৈরি হয়েছিল। সেইমতো টাকা বরাদ্দ হবে। আধিকারিকদের একাংশের দাবি, প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পেও অর্থ বরাদ্দ করতে কেন্দ্র গড়িমসি করছে। টাকা সময়মতো বরাদ্দ হলে বেহাল রাস্তা আগেই সংস্কার করা যেত। অনেক গুরুত্বপূর্ণ রাস্তাও খানাখন্দে ভরে রয়েছে। অর্থ বরাদ্দ হওয়ায় টেন্ডার করে রাস্তা সংস্কারের প্রক্রিয়া শুরু হবে। 
সম্পর্কিত সংবাদ