Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় শিবরাত্রিতে চড়া দামে বিক্রি ধুতরো ফল, খুশি বিক্রেতারা  

কাটোয়ায় শিবরাত্রিতে চড়া দামে বিক্রি ধুতরো ফল, খুশি বিক্রেতারা
 
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: ধুতরো ফল কাঁটাফল নামেই পরিচিত। শিবের পুজোয় ধুতরো ফুলের সঙ্গে কাঁটাফলও দেন অনেকে। কাঁটাফল যুক্ত ধুতরো গাছ লাগিয়ে ভালো রোজগার করলেন বিক্রেতারা। বুধবার শিবরাত্রির দিন ৮ থেকে ১০ টাকা পিস কাঁটাফল বিক্রি করে খুশি কাটোয়া শহরের বিক্রেতারা। 
Advertisement
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাটোয়া শাখার পক্ষে অবসর প্রাপ্ত শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ধুতরো ফুলের ওই কাঁটাফল বিষ। ওই ফল ভেষজ ওষুধ তৈরিতে কাজে লাগে। 
শিবলিঙ্গে আকন্দ, ধুতরো ফুলের মালা, কাঁটাফল চড়ানোই রেওয়াজ। পুরান অনুযায়ী শিবের গলায় আকন্দ ফুলের মালা পড়ালে সব কিছু শুভ হয়। তবে এবার শিবরাত্রিতে কাটোয়া শহরজুড়ে ধুতরো ফুলের দাম আকাশছোঁয়া। পাঁচ থেকে দশ টাকা প্রতিপিস ফুল বিক্রি হল কাটোয়া শহরে। আবার কোথাও এক পিস আকন্দ ফুলের মালা  ৪০ টাকায় বিক্রি হল। শিবরাত্রিতে আকন্দ ফুলের মালা কেনার হিড়িক পড়ে যায় ভক্তদের মধ্যে। কাতারে কাতারে ভক্তরা আকন্দ ফুলের মালা, ধুতরো ফুল, কাঁটাফল কেনেন শিবলিঙ্গে চড়ানোর  জন্য। এবার সেই আকন্দ ফুল পেলেও ধুতরো ফুল মহার্ঘ্য হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শহরের এক এক জায়গায় ফুলের দাম একেক রকম। যে ফুল বছরের অন্যান্য সময় দু’-তিন টাকায় বিক্রি হয়। সেই ফুলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। কাটোয়া শহরের ঘোষেশ্বরতলা, শ্মশানঘাট, বড়বাজার সহ বিভিন্ন প্রান্তে শিবমন্দিরে প্রতি বছরে শিবরাত্রিতে ভক্তদের ঢল নামে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাছাড়া শহরের একাধিক শিবমন্দিরে ধুমধামের সঙ্গে শিবরাত্রি পালিত হয়। তাই কাটোয়া শহরে শিবপুজোর উপাচারের চাহিদা থাকে ব্যাপক। 
শহরের বাসিন্দা সুভাষ মজুমদার বলেন, সাধারণত বনে বাদাড়ে আকন্দ ফুল, ধুতরো ফুল, কাঁটাফল জন্মায়। কিন্তু শহরের মানুষের হাতে সময় নেই সেসব সংগ্রহ করার। তাঁরা ঝক্কি পোহাতে চান না। তাই বাড়িতেই আমরা ধুতরো ফুলের গাছ লাগিয়েছিলাম। তাতে কাঁটাফল হয়েছিল অনেক। তা বিক্রি করে এবার ভালোই আয় হয়েছে। অন্তত সংসারটা তো চলে যায়। আরেক বিক্রেতা বাসন্তী হালদার বলেন, বাজারে শিবরাত্রি উপলক্ষ্যেই এসব উপাচার নিয়ে আমরা বসি। ভক্তরাও হাতের কাছে সব কিছু পেয়ে যান। আর আমাদেরও সংসার চলে যায়। এদিন শিবরাত্রি উপলক্ষ্যে গাঁদা, রজনীগন্ধা ফুলের দামও বেড়ে গিয়েছিল। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ