Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় সবলা মেলায় শ্রদ্ধাজ্ঞাপন

কাটোয়ায় সবলা মেলায় শ্রদ্ধাজ্ঞাপন
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: শুক্রবার বিকেলে কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনে পূর্ব বর্ধমান জেলা সবলা মেলার উদ্বোধন হল। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের জেরে সবলা মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান এখন বাদ দেওয়া হয়েছে। এদিন মেলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনীতিকে চাঙা করতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম।
Advertisement
এদিন  সবলা মেলা প্রাঙ্গণে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী সহ বিধায়করা। তাঁর মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপন করে অনাড়ম্বরভাবেই মেলার সূচনা করা হয়।
২০২৩ সালে কাটোয়ায় জেলা সবলা মেলায় রেকর্ড বিক্রি হয়েছিল। মেলায় সাতদিনে ২৫ লক্ষ ৬৩ হাজার টাকার বিক্রির রেকর্ড সাড়া ফেলে দিয়েছিল। শুধু কাটোয়া পুরসভার দেওয়া স্টলেই ৪ লক্ষ ১৯ হাজার টাকার বেশি খাবার বিক্রি হয়েছিল।
গত বছর পূর্ব বর্ধমান জেলার ছ’টি পুরসভা সহ ১৯টি ব্লক থেকে ৭৯টি স্বনির্ভর গোষ্ঠী মেলায় ৬৫টি স্টল দিয়েছিলেন। এবারে স্টলের সংখ্যা ৮৮। পূর্ব বর্ধমান জেলায় ৭০ হাজার ৭২৯টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। পুরুষদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৪৩২। ২০২২-’২৩ অর্থবর্ষে ৪২ হাজার ৮৮৫টি গোষ্ঠীকে ক্রেডিট লিংকেজের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে। ২০২৩-’২৪ অর্থবর্ষে জেলায় ৮৭৬০টি স্বনির্ভর গোষ্ঠীকে ২০ কোটি ৯৩ লক্ষ ১৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। ২১৫টি সিআইএফ সঙ্ঘকে ২৭ কোটি ৯১ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে।
কাটোয়া শহরের কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি অবধি সবলা মেলা হওয়ার কথা ছিল। তবে তা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন রাষ্ট্রীয় শোক চলায় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান পিছিয়ে ২-৫ জানুয়ারি আয়োজিত হবে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ছাড়াও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ-সভাধিপতি গার্গী নাহা সহ অন্য কর্মাধ্যক্ষরাও হাজির ছিলেন।
সম্পর্কিত সংবাদ