Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়া মুড়ল সিসি ক্যামেরায়

কাটোয়া মুড়ল সিসি ক্যামেরায়
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: অপরাধ রুখতে কাটোয়া থানা এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হল। ছ’টি ধাপে ক্যামেরা লাগানো হয়েছে। প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও তা বসানো হয়েছে। শনিবার কাটোয়ার অগ্রদ্বীপে ৮৮টি সিসি ক্যামেরা লাগানো হয়। ফলে থানার কন্ট্রোল রুমে বসেই ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অপরাধের কিনারা করতে পারবে পুলিস। এদিন সিসি ক্যামেরার উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের পুলিস সুপার সায়ক দাস ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পুলিস সুপার বলেন, রাজ্যের সমস্ত থানায় এত সিসি ক্যামেরা নেই যতটা কাটোয়া থানা এলাকায় রয়েছে। পূর্ব বর্ধমান জেলার অন্যান্য থানা এলাকাতেও ধীরে ধীরে তা বসানো হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপে এদিন ২৯টি পয়েন্টে ৮৮টি ক্যামেরা লাগানো হয়েছে। ষষ্ঠ দফায় এটি লাগানো হল। অগ্রদ্বীপ, গাজিপুর, কালিকাপুর, সুয়াগাছি, গড়াগাছা, দেয়াসিন, মালঞ্চ, রামদাসপুর, খেদাপাড়া সহ অন্যান্য গ্রামীণ এলাকাতেও ক্যামেরা লাগানো হয়েছে। এনিয়ে কাটোয়া থানা এলাকায় এখনও পর্যন্ত ১১০০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ২০২১ সালে প্রথম সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছিল। দু’টি পুরসভা ও ১৬টি পঞ্চায়েত নিয়ে কাটোয়া থানা। বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলা সংলগ্ন হওয়ায় কাটোয়ায় বাইরের বহু মানুষের আনাগোনা রয়েছে। বিভিন্ন সময়ে নানা ধরনের অপরাধ, চুরি-ছিনতাই হয়। ফলে ক্যামেরা থাকলে সুবিধা হবে। কাটোয়া থানা এলাকার এখন অনেক অপরাধ সিসি ক্যামেরার ফুটেজ দেখে কিনারা হয়। কাটোয়া শহরের বাসস্ট্যান্ড, পুরসভা মোড়, জাজিগ্রাম, এসটিকেকে রোডের পাঁচঘড়া মোড় এলাকাতেও সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে। তাছাড়া দাঁইহাট শহরের ভিতরেও গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে। কাটোয়া থানার কন্ট্রোল রুমের দেওয়ালজুড়ে ছ’টি মনিটর বসানো হয়েছে। এদিন পুলিস সুপার ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) রাহুল পান্ডে, এসডিপিও কাশীনাথ মিস্ত্রি সহ বিশিষ্টরা। 
Advertisement
প্রসঙ্গত, অগ্রদ্বীপে এর আগে সোনার দোকানে চুরি হয়েছিল। তাতে উত্তরপ্রদেশের বদায়ুঁ গ্যাং ধরা পড়েছিল। ওই গ্যাংটিকে কাটোয়া শহরে সিসি ক্যামেরা দেখেই চিহ্নিত করা গিয়েছিল। 
বিধায়ক রবীন্দ্রনাথবাবু বলেন, এখন অপরাধের ধরন বদলেছে। তাই সিসি ক্যামেরা বসানো জরুরি ছিল। থানার পরিকাঠামো অনেক বেড়ে যাবে। পুলিসের কাজের অনেক সুবিধা হবে। থানা প্রযুক্তিগতভাবে উন্নত হলে আমাদেরই লাভ।
Advertisement
সম্পর্কিত সংবাদ