সংবাদদাতা, কাটোয়া: আবাস যোজনার তালিকায় সার্ভে করা নিয়ে কাটোয়ায় সরকারি মহিলা আধিকারিকের উদ্দেশে সামাজিক মাধ্যমে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ উঠল তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও পিএইচই বিভাগের এককর্মীর বিরুদ্ধে। ঘটনায় ওই মহিলা আধিকারিক শুক্রবার মহকুমা শাসক সহ জেলা প্রশাসনে লিখিত অভিযোগ জানিয়েছেন।ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয় নিয়ে কাটোয়া-২ বিডিও আসিফ আনসারি বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, সরকারি কর্মীদের কাজে কোনও হস্তক্ষেপ করা চলবে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপ অঞ্চলের।
Advertisement
কাটোয়া-২ ব্লকে আবাস যোজনার তালিকা আসতেই বিভিন্ন টিম তৈরি করে সার্ভে করছে প্রশাসন। কারা সরকারি বাড়ি পাওয়ার যোগ্য আর কারা অযোগ্য তা সরজমিনে তদন্ত করে দেখা হচ্ছে। অযোগ্যদের তালিকা থেকে নাম বাদও দেওয়া হচ্ছে। আগের সপ্তাহেই কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপজুড়ে সার্ভে শুরু হয়। সেখানে ব্লকের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগের ইন্সপেক্টর কল্যাণী কিস্কু সার্ভে করতে যান। তিনি বেশকিছু উপভোক্তার বাড়ি গিয়ে সরজমিনে দেখেন। এমনকী আবাসের তালিকায় দেওয়া তথ্য কতটা সঠিক সেটাও নাকি তিনি তদন্ত করেন। তারপর তিনি ব্লকে ফিরেও আসেন। এরপরেই অগ্রদ্বীপ অঞ্চলের প্রাক্তন প্রধান তথা ৪৯ নম্বর জেলা পরিষদ সদস্য নিতাই মুখোপাধ্যায় ও পিএইচই দপ্তরের কর্মী কল্যাণ সরখেলের নামে লিখিতভাবে ‘অপমান’ করার অভিযোগ জানান। এদিন নিতাই মুখোপাধ্যায় বলেন, ওই অফিসার বেশ কয়েকটি বাড়িতে গিয়ে তাঁদের জামাকাপড়, বাসনপত্র পরীক্ষা করছিলেন। সেটাতে আপত্তি জানিয়ে কল্যাণ সরখেল সামাজিক মাধ্যমে লিখেছিলেন সার্ভে করতে এসে এসব কেন পরীক্ষা করছে। আর আমি সামাজিক মাধ্যমে শুধু লিখেছি বাম-রাম সরকারি কর্মীরা সরকারকে বদনাম করার চেষ্টা করছে। সেখানে ওই অফিসারের নাম ব্যবহার করিনি। তাছাড়া ওই অফিসারের সঙ্গে আমার দেখাও হয়নি। বুঝতে পারছি না তাহলে অপমান কী করে হল। তদন্ত করে দেখা হোক।
এনিয়ে এক সরকারি আধিকারিক বলেন, আসলে খতিয়ে তদন্ত করতে গিয়েই এই ধরনের অপমানের মুখে পড়তে হয়েছে ওই অফিসারকে। যদিও এই বিষয় নিয়ে কল্যাণী কিস্কু বলেন, ইতিমধ্যেই ওই ঘটনায় আমি প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছি।
এনিয়ে এক সরকারি আধিকারিক বলেন, আসলে খতিয়ে তদন্ত করতে গিয়েই এই ধরনের অপমানের মুখে পড়তে হয়েছে ওই অফিসারকে। যদিও এই বিষয় নিয়ে কল্যাণী কিস্কু বলেন, ইতিমধ্যেই ওই ঘটনায় আমি প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছি।



