Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় কার্তিক লড়াইয়ের রুট পরিদর্শন করল পুলিস 

কাটোয়ায় কার্তিক লড়াইয়ের রুট পরিদর্শন করল পুলিস 
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কালীপুজো শেষ হতেই কাটোয়া শহরে ঐতিহ্যবাহী কার্তিকপুজোর প্রস্তুতি শুরু হয়েছে। লক্ষ লক্ষ টাকার বাজেটের মণ্ডপ সাজানো চলছে। এবারও গতবছরের রুটেই কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা হবে। সোমবার পুলিস আধিকারিকরা শোভাযাত্রার চার কিমি রুট পরিদর্শন করেন। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) রাহুল পাণ্ডে, এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় সহ অন্য আধিকারিকরা রুটম্যাপ নিয়ে পরিদর্শন করেন। গত বছর থেকেই কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের শোভাযাত্রার রুট প্রায় এক কিমি বাড়ানো হয়েছে। কয়েকবছর ধরে কাটোয়া শহরে ৩.২ কিমি রুটে শোভাযাত্রা হতো। গত বছর থেকে তা বেড়ে ৪.৩ কিমি হয়েছে। পুরনো রুটের ১৫০ মিটার বাদ দিয়ে প্রায় এক কিমি নতুন রুট যুক্ত করা হয়েছে।
Advertisement
১৬ নভেম্বর কার্তিকপুজো। তার পরদিন কার্তিক লড়াই। ওইদিন শোভাযাত্রা বের করা হবে। কাটোয়া শহরের বিভিন্ন কার্তিকপুজো কমিটি একসঙ্গেই শোভাযাত্রা বের করে। এবারও পুজো ও শোভাযাত্রায় বেশ কিছু নিয়মকানুন আছে। শোভাযাত্রায় গেটের উচ্চতা ১২ ফুট হতে হবে। সেটি চওড়ায় সর্বাধিক আট ফুট হতে পারবে। এর বেশি উঁচু বা চওড়া গেট বের করা যাবে না। সমস্ত পুজো উদ্যোক্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে শোভাযাত্রা বের করতে হবে। শোভাযাত্রার সময় কাটোয়া শহরে প্রচুর ভিড় হয়। সবাই যাতে শোভাযাত্রা দেখতে পান-সেজন্য প্রশাসনের তরফে শহরের স্টেশনবাজার ও গোয়েঙ্কা মোড়ে জায়ান্ট স্ক্রিন বসানো হবে। ৮৬টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নিতে পারবে। শোভাযাত্রার রুটের বিভিন্ন পয়েন্টে দমকলের ইঞ্জিন ও স্বাস্থ্যশিবির থাকবে।
এদিন অতিরিক্ত পুলিস সুপার সুবোধ স্মৃতি রোড, কারবালাতলা হয়ে বারোয়ারিতলা এলাকায় শোভাযাত্রার রুট পরিদর্শন করেন। তবে নতুন রুট নিয়ে কিছু ক্লাবের ক্ষোভ রয়েছে। তাদের দাবি, দীর্ঘ রাস্তাজুড়ে শোভাযাত্রা বের করা সম্ভব হচ্ছে না। বাজনাদার সহ কমিটির সবাই বড় রুটে শোভাযাত্রা ঘোরাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন। তাই শোভাযাত্রার রুট ছোট করার দাবি উঠেছে।
 
সম্পর্কিত সংবাদ