Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় কে ফেলল মরা মুরগি, পোল্ট্রি মালিকদের সঙ্গে বৈঠক করবে প্রশাসন

কাটোয়ায় কে ফেলল মরা মুরগি, পোল্ট্রি মালিকদের সঙ্গে বৈঠক করবে প্রশাসন
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া-বর্ধমান রাস্তার ধারে জাজিগ্রামের কাছেই  শ’য়ে শ’য়ে মৃত পোল্ট্রির মুরগি পড়ে থাকতে দেখে উদ্বিগ্ন প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। কীভাবে এত মরা মুরগি এখানে এল, তা জানতে  ফার্ম মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অফিসাররা। বুধবার অকুস্থল পরিদর্শন করেন কাটোয়া-১ ব্লকের ভেটেরনারি অফিসার ডাঃ অভিরাজ সরকার। 
Advertisement
তিনি বলেন, সাধারণ ফ্লু ঘটিত কারণেই এত সংখ্যক মুরগির মৃত্যু হতে পারে। তবে মৃত মুরগিগুলি গলেপচে নষ্ট হয়ে গিয়েছে। আমরা শীঘ্রই ফার্ম মালিকদের সঙ্গে বৈঠক করব। 
প্রসঙ্গত, কাটোয়া ১ ব্লকের গোয়াই পঞ্চায়েতের অধীনে জাজিগ্রাম থেকে গাঙ্গুলিডাঙা যাওয়ার রাস্তাতেই এমন ঘটনা ঘটেছে। কয়েকদিন ধরে রাতের অন্ধকারে শ’য়ে শ’য়ে মরা মুরগি ফেলে যাচ্ছে কেউ বা কারা। মৃত মুরগিগুলি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, আশপাশের চুড়পুনি, শ্রীখণ্ড, জাজিগ্রাম, গাঙ্গুলিডাঙা এলাকায় বেশ কয়েকটি পোল্ট্রি ফার্ম রয়েছে। অনুমান করা হচ্ছে ফার্মে মুরগি মারা যাচ্ছে। কীভাবে এবং কেনই বা মারা যাচ্ছে তা নিয়ে ধন্দে সবাই। সেইসব মরা মুরগিই রাস্তার ধারে ফেলে দেওয়া হচ্ছে। এদিন সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হতে নড়েচড়ে বসে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। আশপাশের এলাকার বাসিন্দারা বলেন, কেউ রাতের অন্ধকারে মরা মুরগি এখানে ফেলে দিয়ে যাচ্ছে। মরা মুরগির দেহে পোকা ধরে গিয়েছে। কুকুর খুবলে খাচ্ছে সেই মাংস। এ থেকে ভয়ানক রোগও ছড়ানোর আশঙ্কা করছেন তাঁরা। ভেটেরনারি অফিসার বলেন, উচিত ছিল মরা মুরগিগুলি মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া। কারা এখানে এত মরা মুরগি ফেলে যাচ্ছে তা খতিয়ে দেখা হবে। অনেক সময়ে আবহাওয়ার পরিবর্তনেও মুরগির মৃত্যু হতে পারে। আমরা স্থানীয় পঞ্চায়েতকে বলে মরা মুরগিগুলো রাস্তা থেকে তুলে ফেলার ব্যবস্থা করছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ