Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কত জাল আধার কার্ড বানিয়েছে সোনাই, তল্লাশি শুরু পুলিসের

কত জাল আধার কার্ড বানিয়েছে সোনাই, তল্লাশি শুরু পুলিসের
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: খড়িবাড়ির জাল আধার চক্র নেপাল ও বাংলাদেশের কত নাগরিককে এদেশের আধার কার্ড বানিয়ে দিয়েছে, তার খোঁজ শুরু করল পুলিস। শুক্রবার বাতাসিতে জাল আধার কার্ড চক্র চালানোর অভিযোগে স্থানীয় সোনাই সরকার ফের গ্রেপ্তার হতে তদন্তে এই দিকটি গুরুত্ব পাচ্ছে। দার্জিলিং জেলা পুলিসের এক আধিকারিক বলেন, এর আগেও একই কাণ্ডে এই যুবক গ্রেপ্তার হয়েছিল। জামিন পেতেই সে ফের আধার চক্রের সঙ্গে যুক্ত হয়। তার সঙ্গে নেপাল এবং বাংলাদেশের নাগরিকদের যোগাযোগ দীর্ঘদিনের। এখানেই প্রশ্ন দেখা দিয়েছে, ধৃত যুবক বাতাসিতে বসে নেপাল এবং বাংলাদেশের অনেক নাগরিককে ভারতের জাল আধার কার্ড বানিয়ে দিয়েছে, যা দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক।  ধৃতকে জেরা করে সেই তালিকা প্রস্তুত করবে পুলিস। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, মূল মাথাই বা কারা তাও জানতে চায় পুলিস।
Advertisement
শনিবার সাংবাদিকদের এসডিপিও নেহা জৈন বলেন, সূত্র মারফত জানতে পারি, ওখানে বাংলাদেশি এবং নেপালের নাগরিকদের জাল আধারকার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। সেইমতো পুলিস অভিযান করে। সেই সময় নেপালের কিছু নাগরিক সেখানে উপস্থিত ছিলেন। ধৃতের ক্যাফের কম্পিউটার যাচাই করলে অভিযোগের সত্যতা মেলে। পাওয়া যায় তিনটি ভারতীয় জাল আধার কার্ড। পরে দোকানে মজুত দুটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়। 
আধিকারিকের কথায়, উপস্থিত নেপালের নাগরিকরা স্বীকার করেন, তারা এখান থেকে ১০ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে ভারতের জাল আধার কার্ড বানাত। পাসপোর্টের ফটোকপি দিলেই জাল আধার কার্ড বানিয়ে দিত ধৃত যুবক। 
গত বছর অক্টোবরে বাংলাদেশি যুবককে জাল আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে ফাঁসিদেওয়া থানায় পুলিস সোনাইকে গ্রেপ্তার করেছিল। তবে ওই মামলায় সে জামিন পান। এসডিপিও বলেন, ধৃতের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এভাবেই নেপাল ছাড়া আর কোন কোন দেশের নাগরিকদের সোনাই আধার কার্ড বানিয়ে দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত কয়েক বছর ধরে সোনাইয়ের বিলাসবহুল জীবনযাপন ও সম্পত্তি বৃদ্ধিও ঈর্ষণীয়। এলাকার বাসিন্দারা ভাবতে পারেননি, তাঁদের গ্রামের ছেলে এই জালিয়াতির ব্যবসা ফেঁদে বসেছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, ধৃত উচ্চ মাধ্যমিক পাশ। তার বাবার ফটোস্টুডিও রয়েছে। এছাড়া বাতাসি মূল বাজারে তিনটি দোকান রয়েছে। বাড়িতে সাইবার ক্যাফে রয়েছে। সেখানেই জাল আধার কার্ড তৈরি হতো।
সম্পর্কিত সংবাদ