Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়া হাসপাতাল চত্বরে শুকনো আগাছায় আগুন, ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, শ্বাসকষ্ট রোগীদের

কাটোয়া হাসপাতাল চত্বরে শুকনো আগাছায় আগুন, ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, শ্বাসকষ্ট রোগীদের
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: বৃহস্পতিবার দুপুরে কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বরে আউটডোরের কাছে শুকনো আগাছায় আগুন ধরে যায়। আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গোটা হাসপাতাল চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় রোগী ও তাদের আত্মীয়দের। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন আয়ত্তে আনেন। হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বলেন, আমরা হাসপাতাল চত্বরে আগাছা পরিষ্কারের জন্য পুরসভাকে জানিয়েছিলাম। এদিনের আগুন হাসপাতালের কর্মীরাই নিভিয়েছেন। কীভাবে আগুন লাগল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হাসপাতালের আউটডোরের কাছেই কোয়ার্টারের মাঠে দাউ দাউ করে আগাছা জ্বলতে দেখা যায়। হাওয়ার দাপটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একটি গোরু ওই আগুনের মাঝে আটকে পড়ে। স্থানীয়রা গোরুটিকে সরিয়ে নিয়ে আসেন। বেশ কয়েকটি গাছেও আগুন ধরে যায়। পাশেই হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলি রয়েছে। ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। নদীয়া থেকে আত্মীয়কে দেখতে এসেছিলেন আব্দুল হাসেম মোল্লা। তিনি বলেন, যেভাবে এদিন আগুন লেগেছিল তা বড়সড় বিপদ ঘটতে পারত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিমাই পাল নামে একজন টোটোচালক বলেন, কেউ আগুন ধরিয়ে দিয়েছিল। হাসপাতালে এরকমটা হওয়া ঠিক নয়। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কাটোয়া মহকুমা হাসপাতালে  প্রসূতি, পুরুষ, মহিলা, শিশু সহ মোট ২৫৬টি বেড রয়েছে।  কাটোয়া মহকুমা হাসপাতালের ওপর নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার একাংশ নির্ভরশীল। ধীরে ধীরে কাটোয়া মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নত হচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর চাপ। আনা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। আগেই হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য এইচডিইউ বিভাগ তৈরি হয়েছে। হঠাৎ আগুন ধরে যাওয়ায় অনেকেই এদিন আতঙ্কিত হয়ে পড়েন।
সম্পর্কিত সংবাদ