Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় বিমার প্রিমিয়ামের তিন লক্ষ টাকা আত্মসাৎ, ধৃত এজেন্ট

কাটোয়ায় বিমার প্রিমিয়ামের তিন লক্ষ টাকা আত্মসাৎ, ধৃত এজেন্ট
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: বিমার প্রিমিয়াম জমা দেওয়ার নাম করে তিন লক্ষ টাকা আত্মসাৎ করেছে এক যুবক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল কাটোয়ায়। কাটোয়া থানার পুলিস ওই এজেন্টকে গ্রেপ্তার করেছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃত এজেন্টের নাম রঞ্জিতগোপাল রায়। তার বাড়ি কাটোয়া শহরেরই সুবোধ স্মৃতি রোড এলাকায়। রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
কাটোয়া শহরের পালিটা রোড এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী নাসিরুদ্দিন আহমেদ ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি পুলিসকে জানান, রঞ্জিতগোপাল রায়ের কাছে ২০১৬ সালে দু’টি আলাদা বিমা করেছিলেন। দু’টি বিমারই প্রিমিয়াম বছরে ৫০হাজার টাকা করে ছিল। প্রথমদিকে সব ঠিকঠাক চলছিল। করোনা সঙ্কটে আর্থিক সমস্যায় নাসিরুদ্দিন সাহেবের তিন বছরের প্রিমিয়াম বকেয়া পড়ে যায়। ২০২২ সালের ৬ ডিসেম্বর তিনি দু’টি বিমার বকেয়া বাবদ নগদ তিন লক্ষ টাকা রঞ্জিতগোপাল রায়ের হাতে জমা দেন। অভিযোগ, এরপর থেকে ধৃত এজেন্টের কাছে বারবার টাকা জমা দেওয়ার রসিদ চাইলেও তা তিনি পাননি। ২০২৩ সালে ফের প্রিমিয়াম জমা দেওয়ার সময় চলে আসে। তখন তিনি সরাসরি ওই বিমা সংস্থার কাটোয়া শাখা অফিসে চলে যান। সেখানে তিনি জানতে পারেন, রঞ্জিতগোপালকে দেওয়া তিন বছরের প্রিমিয়াম জমা পড়েনি। এরপর তিনি ওই এজেন্টকে টাকা ফেরাতে বললে সে স্বীকার করে নেয়, ওই টাকা আত্মসাৎ করেছে। টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। অভিযোগ, এরপর ওই এজেন্ট একটি বেসরকারি ব্যাঙ্কের তিন লক্ষ টাকার চেক নাসিরুদ্দিন সাহেবকে দেয়। কিন্তু চেকটি বাউন্স হয়ে যায়। তারপর ফের রঞ্জিতগোপাল সময় চায়। মাসখানেক পর আবার চেক দিলে সেটিও বাউন্স হয়। এরপরই নাসিরুদ্দিন সাহেব পুলিসের দ্বারস্থ হন। কাটোয়া থানার পুলিস ওই এজেন্টকে গ্রেপ্তার করেছে।
সম্পর্কিত সংবাদ