Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেটে আনা ধানে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা

কেটে আনা ধানে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: সোমবারই পাঁচবিঘা জমির ধান কেটে বাড়ি নিয়ে এসেছিলেন চাষি সুরেশ মণ্ডল। কাটা ধান রাখা হয়েছিল বাড়ির পাশে ফাঁকা জায়গায়। এবার ফলন ভালো হওয়ায় মুখে হাসিও ছিল সুরেশের। মহানন্দে ধান কেটে বাড়ি আনেন। ধান ঝাড়াইয়ের জন্য শ্রমিকের খোঁজ করছিলেন। শ্রমিক জোগাড়ও হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার থেকে ধান ঝাড়াই হওয়ার কথা। কিন্তু তার আগেই অঘটন। একদিনের ব্যবধানে খুশি বদলে গেল কান্নায়।
Advertisement
মঙ্গলবার সন্ধ্যায় মানিকচকের জোতপাট্টায় এক চাষির পাঁচবিঘা জমির ধানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ক্ষতির মুখে পড়ে মাথায় হাত সুরেশের। সারাবছর কী খাবে, দুশ্চিন্তায় পরিবারটি। তারা প্রশাসনিক সহায়তা এবং আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। উগরিটোলা গ্রামে অন্যের জমিতে ভাগচাষি হিসেবে প্রায় সাত বিঘা জমিতে ধান চাষ করেছিলেন সুরেশ। গত সোমবারই পাঁচবিঘা জমির ধান কেটে বাড়ি নিয়ে এসেছিলেন। 
অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ পুঞ্জীভূত ধানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। স্থানীয়রাই আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি নেভানোর চেষ্টা করেন। কিন্তু ধান রক্ষা করা যায়নি। খড় সহ ধান আগুনে পুড়ে যায়। স্থানীয় গোবিন্দ মণ্ডল বলেন, আক্রোশবসত কেউ আগুন লাগিয়েছে। ঘটনাস্থলে কাপড় লাগানো একটি বাঁশ পাওয়া গিয়েছে। আমরা  বিষয়টি পুলিসকে জানিয়েছি। 
এদিকে কান্নায় ভেঙে পড়েছেন সুরেশ। বলেন, এই ধান বিক্রি করে আমাদের একবছর সংসার চলে যেত। এখন কী হবে কিছুই বুঝতে পারছি না।
সম্পর্কিত সংবাদ