সংবাদদাতা, ঘাটাল: এলাকার নতুন ঢালাই রাস্তা রক্ষা করতে শনিবার পথে নামলেন ক্ষীরপাই পুরসভার ৩নম্বর ওয়ার্ডের ঘোষালগঞ্জ এলাকার মহিলারা। তাঁরা মাটিবোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। নতুন ঢালাই রাস্তার উপর দিয়ে মাটিবোঝাই ট্রাক্টর নিয়ে যাওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, বারবার অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় অবশেষে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হলেন। পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান মহিলাদের বিক্ষোভের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ওভাবে মাটি নিয়ে যাওয়ার খবর আমাদের কাছে ছিল না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ করার ব্যবস্থা করি। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি পুরসভার উদ্যোগে ওই এলাকায় নতুন ঢালাই রাস্তার কাজ সবে শেষ হয়েছে। তারপর থেকেই প্রতিদিন সেই রাস্তার উপর দিয়ে দ্রুতগতিতে চলছিল মাটিবোঝাই ট্রাক্টর। এতে রাস্তার ক্ষতির আশঙ্কা তৈরি হয়। অভিযোগ, বিষয়টি নিয়ে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বীরেশ্বর পাহাড়ী ও পুরকর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা শ্যামলী বিশুই, লক্ষ্মী ঘোষ, মিতালি দিগার বলেন, আর কোনও উপায় না দেখে আমরাই একজোট হয়ে রাস্তার উপর মাটিবোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখাতে বাধ্য হই।
Advertisement
কাউন্সিলার বীরেশ্বর পাহাড়ী বলেন, আমরা এদিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নিয়েছি। এখন থেকে নতুন ঢালাই রাস্তার উপর দিয়ে কোনও মাটিবোঝাই ট্রাক্টর চলবে না। পুলিস-প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। বিক্ষোভের জেরে অবশেষে পুরসভা ও প্রশাসনের হস্তক্ষেপে মাটিবোঝাই ট্রাক্টরের চলাচল বন্ধ হওয়ায় খুশি ওয়ার্ডের বাসিন্দারা।



