সংবাদদাতা, ঘাটাল: শহরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড তৈরির জন্য সরকারি জমি থেকে দখল উচ্ছেদ করল ক্ষীরপাই পুরসভা। শনিবার পুর কর্তৃপক্ষ বিশাল পুলিসবাহিনী নিয়ে ওই সরকারি জমি দখলমুক্ত করে। বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগ শুরু হওয়ায় খুশি শহরের বাসিন্দারা। ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান জানান, বহুদিন ধরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের জায়গা দখল করে একটি বসতবাড়ি রয়েছে। প্রশাসনের তরফে বলা হলেও বাড়ির মালিক জায়গা খালি করতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত পুরসভাকে কঠোর মনোভাব নিতে হয়। পুলিসবাহিনী নিয়ে সরকারি জমি দখল করে গড়ে ওঠা বাড়িটি ভেঙে দেওয়া হয়। ক্ষীরপাই শহরে অনেকদিন ধরেই কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের দাবি উঠছিল। শহরে সরকারি বাসের একটি ডিপো রয়েছে। কিন্তু বিভিন্ন রুটে যাতায়াতকারী প্রাইভেট বাসের জন্য শহরে কোনও বাসস্ট্যান্ড না থাকায় যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছিল। চেয়ারম্যান জানান, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড তৈরির জন্য কয়েকবছর আগে আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মেদিনীপুরের একটি প্রশাসনিক বৈঠকে বাসস্ট্যান্ড তৈরির অনুমোদন দেন। প্রকল্পের বাজেট প্রায় তিন কোটি টাকা। প্রথম পর্যায়ে ১ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। পুরসভার আবেদনের পর বেশিরভাগ দখলদার স্বেচ্ছায় তাঁদের কাঠামো সরিয়ে নিলেও এক ব্যক্তি বসতবাড়ি খালি করতে চাননি। প্রশাসনের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি অনড় থাকায় অবশেষে পুরসভা পুলিসের সহযোগিতায় জমিটি দখলমুক্ত করেছে। তাড়াতাড়ি কাজ হলে এবছরের মধ্যেই বাসস্ট্যান্ডটি উদ্বোধন করা সম্ভব হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে।



