Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরের ৪১টি স্কুল পেল মিড ডে মিলের সামগ্রীর টাকা

কৃষ্ণনগরের ৪১টি স্কুল পেল মিড ডে মিলের সামগ্রীর টাকা
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মিড ডে মিলে সামগ্রী কেনার টাকা পৌঁছল শহরের ৪১টি স্কুলে। বৃহস্পতিবার পুরসভার পক্ষ থেকে ওই টাকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।‌ পুরসভার চেয়ারম্যান রীতা দাস বলেন, ‘কৃষ্ণনগর পুরসভার বদনাম করতে ভুল প্রচার করা হয়েছিল। আমরা সমস্ত স্কুলকে তাদের প্রাপ্য টাকা পাঠিয়ে দিয়েছি।’
Advertisement
উল্লেখ্য, মিড ডে মিলের সামগ্রী কেনার জন্য শহরের প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলপিছু সরকার নির্ধারিত টাকা কাটছাঁট করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।  জানা যায়, শহরের ৪১টি স্কুলের জন্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকা সরকার থেকে পাঠানো হয়েছিল। কিন্তু কৃষ্ণনগর পুরসভা কোনও স্কুলকে অর্ধেক, আবার কোনও স্কুলকে অর্ধেকের কম টাকা দেয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে স্কুলগুলি প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানায়।
জানা গিয়েছে, কৃষ্ণনগর পুরসভা ৪১টির বদলে ওই টাকা ৯০টি স্কুলের মধ্যে বন্টন করে। এতে স্কুলপিছু টাকার পরিমান কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষকমহল। সরকার বরাদ্দকৃত টাকা এভাবে বন্টন করায় প্রশ্নের মুখে পড়তে হয় কৃষ্ণনগর পুরসভাকে। শেষপর্যন্ত, চাপে পড়ে সরকার নির্ধারিত স্কুলগুলিতে বরাদ্দ টাকার পুরোটাই পাঠায় কৃষ্ণনগর পুরসভা। শোনা যাচ্ছে, পুরসভার নিজস্ব তহবিল থেকে ওই টাকা পাঠানো হয়েছে। শিক্ষকদের একাংশের দাবি, আগেই সরকার নির্ধারিত স্কুলগুলিকে বরাদ্দ টাকা বন্টন করলে পুরসভাকে সমস্যায় পড়তে হতো না। নদীয়া উত্তর তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি কিংশুক দাস বলেন, শহরের স্কুলগুলি মিড ডে মিলের সামগ্রী কেনার টাকা পেয়েছে। এটা আমাদের দাবি ছিল।
সম্পর্কিত সংবাদ