Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরে ট্রাফিক আইন ভাঙার প্রবণতা বেড়েছে পুজোর মরশুমে

কৃষ্ণনগরে ট্রাফিক আইন ভাঙার প্রবণতা বেড়েছে পুজোর মরশুমে
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে লাগাতার প্রচার চালাচ্ছে পুলিস। কিন্তু তারপরেও অভ্যাস ছাড়তে পারছেন না চালকরা। উৎসবের মরশুম দেখা যাচ্ছে, আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখাচ্ছেন চালকরা। ওভার স্পিডিং থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, কোনওটাই বাদ পড়ছে না। সিট বেল্ট বাঁধা কিংবা বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার, কোনওটারই বালাই নেই‌। মোবাইলে ফোন করতে করতেই জাতীয় সড়কের উপর দিয়ে গাড়ি চালানো হচ্ছে। আইন ভঙ্গের কারণে কৃষ্ণনগর পুলিস জেলায় বিগত তিন মাসে ছ’ হাজারের বেশি মামলা হয়েছে। পুলিস মহলের একাংশের দাবি, উৎসবের মরশুম থাকায় মামলার সংখ্যা বেড়েছে। বিশেষ করে অক্টোবর মাসে গাড়ি চালকদের মধ্যে আইন প্রবণতা ছিল বেশি। 
Advertisement
কৃষ্ণনগর পুলিস জেলার এক আধিকারিক বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে আমরা লাগাতার প্রচার চালাচ্ছি। মামলা রুজু করে জরিমানার ধার্য করা হচ্ছে। মানুষকে আরও সচেতন হতে হবে। কারণ ট্রাফিক আইন না মানলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ‌ 
পুলিস সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে মোট ৬২০০টি মামলা হয়েছে কৃষ্ণনগর পুলিস জেলায়। যার মধ্যে বিনা হেলমেটে গাড়ি চালানোর মামলার সংখ্যা সর্বাধিক। এই আড়াই মাসে বিনা হেলমেটে গাড়ি চালানোর জন্য ৪৬১৩টি মামলা হয়েছে। দেখা যাচ্ছে, অক্টোবর মাসে সর্বাধিক ১৯৮১টি এবং সেপ্টেম্বর মাসে ১৮৫৪টি মামলা হয়েছে। গাড়ি চালানোর সময়ে সিট বেল্ট না বাঁধায় মামলা হয়েছে ৩২৫টি। যার মধ্যে দেড়শোর বেশি মামলা হয়েছে শুধু অক্টোবর মাসে। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের দায়ে আড়াই মাসের ৬০টি মামলা হয়েছে কৃষ্ণনগর পুলিস জেলায়। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য মামলা হয়েছে ২৫৫টি। যার মধ্যে অক্টোবর মাসে ১২৫টি, সেপ্টেম্বর মাসে ১১৩টি। 
তবে পুলিস মহলে উদ্বেগ বাড়িয়েছে ‘ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ’ কেস। সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কৃষ্ণনগর পুলিস জেলায় সরকারিভাবে ৪৬টি মামলা হয়েছে। যার মধ্যে সেপ্টেম্বর মাসে ১৬টি, অক্টোবর মাসে ১৭টি, নভেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত ১৩টি মামলা রুজু হয়েছে। এই ড্রিঙ্ক অ্যান্ডড ড্রাইভ কেস বৃদ্ধির ট্রেন্ড উদ্বেগে ফেলেছে পুলিস মহলকে। কারণ এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। সম্প্রতি নদীয়া জেলাতেও এই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য নিত্যদিন ছোটবড় দুর্ঘটনা ঘটছে। সেইসঙ্গে ট্রাফিক সিগন্যাল অমান্য করার ঘটনাও ঘটছে। আড়াই মাসে প্রায় সাড়ে আটশো মামলা হয়েছে সিগন্যাল অমান্য করার জন্য। 
উল্লেখ্য, সরকারি হিসেবে ট্রাফিক আইন অমান্য করার জন্য বিভিন্ন সময় মামলা হয়েছে বিগত কয়েক মাসে। তবে পুলিসে নজর এড়িয়েও বহু ঘটনা ঘটছে। বিশেষ করে বিনা হেলমেটে বাইক চালানো। কৃষ্ণনগর শহরের মধ্যেই প্রকাশ্যে বিনা হেলমেটে বাইক চালাতে দেখা যায়। এমনকী কৃষ্ণনগর শহরে সদর মোড়, পোস্ট অফিস মোড় চত্বরে সিগন্যাল অমান্য করার ঘটনাও ঘটেছে।
সম্পর্কিত সংবাদ