Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগর থেকে রানাঘাট নতুন ট্রেন

কৃষ্ণনগর থেকে রানাঘাট নতুন ট্রেন
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নতুন বছরের নতুন রানাঘাট লোকাল পাচ্ছেন কৃষ্ণনগরবাসী।‌ সেটি প্রতিদিন বেলার দিকে কৃষ্ণনগর থেকে রানাঘাট পর্যন্ত চলবে। যার ফলে কৃষ্ণনগরবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে চলেছে। জানা গিয়েছে, বেলা সাড়ে বারোটার বিবাদী বাগ-কৃষ্ণনগর লোকালকেই রানাঘাট লোকাল হিসেবে চালানো হবে নতুন বছর থেকে। যদিও বছর দশেক আগে একবার এই ট্রেনটি চালানো হয়েছিল। কিন্তু কিছুদিন চালানোর পর তা বন্ধ করে দেয় রেলমন্ত্রক। সেই ট্রেনটি পুনরায় চালানো হচ্ছে। রানাঘাট লোকাল পাওয়ায় বহু কৃষ্ণনগরবাসী উপকৃত হবেন। বিশেষ করে বেলার দিকের  শিয়ালদহগামী প্যাসেঞ্জাররা সুবিধা পাবেন এই ট্রেনের।‌ প্রতিদিন বিবাদী বাগ থেকে কৃষ্ণনগর পর্যন্ত একটি লোকাল ট্রেন চলে। সকাল ৮টা বেজে ১০ মিনিটে ট্রেনটি বিবাদী বাগ থেকে ছাড়ে। বেলা ১১টা নাগাদ ট্রেনটির কৃষ্ণনগর স্টেশনে পৌঁছনোর সময়।‌ যদিও ট্রেনটি কৃষ্ণনগর ঢুকতে ঢুকতে সাড়ে এগারোটা পেরিয়ে যায়। কিন্তু সেই ট্রেনটি আর বিবাদী বাগ ফিরে যায় না। কৃষ্ণনগর রেলস্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে। তারপর একসময় ট্রেনটি রানাঘাট কারশেডে ফিরে যায়।‌ কিন্তু, কৃষ্ণনগর ও রানাঘাটে মাঝের স্টেশনগুলোতে যেমন, জালালখালি, বাদকুল্লা, তাহেরপুর, বীরনগর, কালী নারায়ণপুর, কোথাও থামে না সেটি। সিগন্যাল পেলে তবেই রানাঘাট স্টেশনে হল্ট করে। নাহলে অধিকাংশ সময় সরাসরি ট্রেনটি কারশেডে ঢুকে পড়ে। পরের দিন সকাল সাড়ে ছ’টা নাগাদ রানাঘাট- মাঝেরহাট লোকাল হয়ে ফিরে যায়। 
Advertisement
এতদিন দেখা যেত, মাঝেমধ্যেই স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেন দেখে কৃষ্ণনগরের যাত্রীরা বিবাদী বাগ-কৃষ্ণনগর লোকালে চড়ে বসতেন। যার ফলে অতীতে এমনও হয়েছে, যাত্রীকে নিয়েই ট্রেনটি সরাসরি কারশেডে ঢুকে পড়েছে। এবার সেই ট্রেনটি কৃষ্ণনগর থেকে রানাঘাটের মাঝের প্রতিটি স্টেশনেই দাঁড়াবে বলে জানা গিয়েছে। নতুন বছরে ট্রেনটি ডাউন কৃষ্ণনগর সিটি-রানাঘাট লোকাল হিসেবে চলবে। কৃষ্ণনগর থেকে ছাড়বে বেলা ১১টা ৪৫, রানাঘাট পৌঁছবে বেলা ১২ টা ২৫ মিনিটে। 
সম্পর্কিত সংবাদ