Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগর পুরসভায় হাতাহাতির ঘটনায় ধৃত ৪

কৃষ্ণনগর পুরসভায় হাতাহাতির ঘটনায় ধৃত ৪
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগর পুরসভায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিস। প্রলয় মৈত্র, রহিম শেখ, লব সর্দার ও সঞ্জয় বধকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ধৃত প্রলয় মৈত্রর বাড়ি কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায়। রহিম শেখের বাড়ি শুকুলপাড়ায়। লব সর্দার নীচেরপাড়া ও সঞ্জয় বধ গেট রোডের কাছে থাকে।
Advertisement
গত শুক্রবার কৃষ্ণনগর পুরসভায় তৃণমূলের দুই গোষ্ঠীর কাউন্সিলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ভাষা দিবসের অনুষ্ঠান চলাকালীন তৃণমূলের অবসরপ্রাপ্ত পৌরকর্মচারী সমিতির সদস্যদের বিক্ষোভ-ডেপুটেশনকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়েছিল। তৃণমূলের একাংশের অভিযোগ, চেয়ারপার্সনের গোষ্ঠীর লোকজন অবসরপ্রাপ্ত পৌরকর্মচারীদের উপর চড়াও হয়। ফলে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। তখন চেয়ারপার্সনের বিরোধী গোষ্ঠীর কাউন্সিলাররা পুরসভায় আসে। তারা পৌরকর্মচারী সমিতির সদস্যদের সমর্থনে চেয়ারপার্সনের গোষ্ঠীর লোকজনের সঙ্গে মারপিট শুরু করে। চেয়ারপার্সনের ঘরের সামনেই সেই মারপিট হয়। ঘটনায় একাধিক ব্যক্তি জখম হয়েছেন।‌ এ ঘটনায় কৃষ্ণনগর পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসে। কোতোয়ালি থানায় তিনটি অভিযোগ দায়ের হয়। পৌরকর্মচারী সমিতির তরফে একটি অভিযোগ করা হয়। পুরসভার চেয়ারপার্সন থানায় অভিযোগ করেন। তাঁর বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রকাশ দাসও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিস বিভিন্ন পক্ষের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ