নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রেলগেটের দাবিতে লাইনে বসে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দুর্গাপুর গ্রামে এই বিক্ষোভ চলে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিক্ষোভ চলে।
Advertisement
এলাকাবাসীদের দাবি, ওই গ্রামের উপর দিয়ে গিয়েছে শান্তিপুর ভায়া কৃষ্ণনগর-শিয়ালদহ রেল লাইন। লাইনের দু’পাশে প্রায় ৩০-৪০টি গ্রামের বাসিন্দারা থাকেন। রেল লাইনের বিভিন্ন জায়গায় ট্র্যাক পারাপারের রাস্তা রয়েছে। দুর্গাপুর গ্রামের সেই রাস্তা দিয়ে ভাতজাংলা থেকে জালালখালি পর্যন্ত সরাসরি যাতায়াত করা যায়। রেলের তরফ থেকে ওই রাস্তাগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্দেশ্যে, কৃষ্ণনগর থেকে শান্তিপুর পর্যন্ত ট্রেনের গতি বাড়ানো। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার ভোরে এই রেললাইন ও গ্রাম রাস্তার সংযোগস্থলে খুঁটি পুঁতে দেওয়া হয়। যার ফলে গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। খুঁটি উপড়ে ফেলা হয়েছে। রাস্তা বন্ধ করার পরিবর্তে রেলগেট অথবা আন্ডারপাস তৈরির দাবি জানান গ্রামবাসীরা। রেলের আইডব্লু সেকশনের আধিকারিক পি কে সিং বলেন, বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় এই খুঁটি পোঁতার কাজ চলছিল। এদিন গ্রামবাসীরা সেই খুঁটি তুলে দিয়েছেন।



