নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিস। হরিচরণ দাস নামে ওই ব্যক্তিকে সোমবার রাতে কোতোয়ালি থানার কালীরহাটের পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিস তাকে চারদিনের হেফাজতে নিয়েছে। ধৃতের কাছ থেকে কোনও নথি বাজেয়াপ্ত হয়নি। কৃষ্ণনগর-১ এর বিডিও রঞ্জন সরদারের অভিযোগের ভিত্তিতেই পুলিস হরিচরণকে গ্রেপ্তার করে। ২০২৪ সালে তার ভিসা এক্সপায়ার করেছিল। সেইমতো কলকাতা পাসপোর্ট অফিসের তরফে নদীয়া জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। দেখা যায়, তার নাম কৃষ্ণনগর-১ ব্লকের ভোটার তালিকায় রয়েছে। সেইমতো নদীয়া জেলার নির্বাচনী দপ্তরের তরফে কৃষ্ণনগর-১ এর বিডিওর সঙ্গে যোগাযোগ করা হয়। বিডিও কোতোয়ালি থানায় ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ করেন। তারপর পুলিস ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বিডিও রঞ্জন সর্দার বলেন, তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তির বিষয়ে জেলা প্রশাসনের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তার ভিত্তিতেই আমি থানায় অভিযোগ করি।



