Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরে গণধর্ষণের দায়ে ৫ জনের যাবজ্জীবন

কৃষ্ণনগরে গণধর্ষণের দায়ে ৫ জনের যাবজ্জীবন
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
গণধর্ষণের দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। সাজাপ্রাপ্তদের নাম পিন্টু বিশ্বাস, বাবাই বিশ্বাস, রোমিও মণ্ডল, রনি বৈরাগী ও অভিজিৎ মণ্ডল। বুধবার কৃষ্ণনগর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক দেবদ্বীপ মান্না এই রায় ঘোষণা করেন। পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর করে জেল খাটতে হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে এপ্রিল মাসে কৃষ্ণনগর থানা এলাকায় এই গণধর্ষণের ঘটনাটি ঘটে। সেই সময় খ্রিস্টানদের একটি উৎসব চলছিল। সেখানে নির্যাতিতা মহিলা উপস্থিত ছিলেন। ভোরের দিকে ওই মহিলাকে পিন্টু একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই তার চার বন্ধু উপস্থিত ছিল। পাঁচজন মিলে ওই মহিলাকে গণধর্ষণ করে। মহিলা বাড়ি ফিরে  ঘটনার কথা স্বামীকে জানান। স্বামী এনিয়ে প্রতিবাদ করতে গেলে ওই পাঁচ যুবক তাঁদের নানাভাবে হুমকি দেয়। ঘটনার পরের দিন ওই মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু, মৃত্যুর আগে ওই মহিলা চিকিৎসক ও পুলিসের কাছে বয়ান দিয়ে যান। দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পান তার আবেদন করেছিলেন নির্যাতিতা। যা নিয়ে আদালতে মামলা শুরু হয়। সাড়ে তিন বছর ধরে সেই মামলা চলে। গত মঙ্গলবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন বিচারক। বুধবার সেই মামলার রায় দেওয়া হয়। সরকারপক্ষের আইনজীবী গৌতম ভৌমিক বলেন, মোট ১৫জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সমস্ত প্রমাণের ভিত্তিতে ৩৭৬ ও ৩০৬ এই দুই ধারায় পাঁচজনকে দোষী পাওয়া গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ