Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরে বিজেপি ঘুরে তৃণমূলে যোগদান সিপিএম নেতার ছেলের

কৃষ্ণনগরে বিজেপি ঘুরে তৃণমূলে যোগদান সিপিএম নেতার ছেলের
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রামে মোহভঙ্গ সিপিএমের! একুশ ও চব্বিশের ভোটে চুটিয়ে বিজেপি করেছিলেন সিপিএম নেতার ছেলে। কিন্তু রাজ্যের গদি থেকে তৃণমূলকে হটাতে বিজেপির হাত শক্ত করার তত্ত্ব যে একেধারেই বাস্তবে খাটে না, তা টের পেয়েছেন তিনি। তাই এবার সরাসরি শাসক শিবির তৃণমূলেই যোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার অন্তর্গত নওপাড়া-২ পঞ্চায়েতে। বুধবার রাতে ওই এলাকার পুরনো দাপুটে সিপিএম নেতা নিত্য কর্মকারের ছেলে দীপঙ্কর কর্মকার তৃণমূলে যোগ দেন। তাই নিয়ে ওই বিধানসভা এলাকার রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। সিপিএম নেতার ছেলের পাশাপাশি ওই এলাকায় বিরোধী শিবিরের বহু পরিবার তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন।‌ বিগত কয়েকদিন ধরেই এই যোগদান কর্মসূচি চলছে। এতে বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পাচ্ছে ঘাসফুল শিবির। সিপিএম নেতার ছেলে দীপঙ্কর কর্মকার বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে আর কোনও যোগ নেই। একুশে বিধানসভা ও চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা বিজেপি করেছিলাম। কিন্তু এবার থেকে তৃণমূল করব।’
Advertisement
উল্লেখ্য কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা নদীয়া জেলার অন্যতম কেন্দ্র। একুশের নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছিল। তবে চব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই বিজেপি ব্যাপক লিড নেয়। এই বিধানসভায় উদ্বাস্তু ভোট বড় ফ্যাক্টর।‌ যার‌ দৌলতেই বিজেপি লিড নিয়েছিল। যদিও চব্বিশের নির্বাচনে এই বিধানসভার নওপাড়া-২ পঞ্চায়েত থেকে তৃণমূল পাঁচ হাজার লিড পেয়েছিল, যা লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকায় ভরাডুবির মধ্যেও তৃণমূলের মুখরক্ষা করে। তবে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি শুরু করেছে ঘাসফুল শিবির। গত ১৮ ফেব্রুয়ারি ওই পঞ্চায়েতের সোনাতলা এলাকায় বিরোধী শিবির ছেড়ে শতাধিক পরিবারে তৃণমূলে যোগ দেন। গত ১৯ ফেব্রুয়ারি ওই এলাকার ৪০ নম্বর বুথের পঞ্চাশের বেশি পরিবার ঘাসফুল শিবিরের পতাকা নিজেদের হাতে তুলে নেন। ওই পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি জহির মণ্ডল বলেন, আমাদের এই পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দুর্জয় ঘাঁটি।‌ আগামী নির্বাচনেও তৃণমূল এই এলাকা থেকে ভালো লিড পাবে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের শামিল হতে বহু মানুষ তৃণমূলে যোগ দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ