নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রবিবার গভীর রাতে বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত চাষাপাড়া মোড়ের কাছে। মৃত বৃদ্ধের নাম সপ্তম গড়াই(৬২)। তাঁর বাড়ি কৃষ্ণনগর শহরের ষষ্ঠীতলা এলাকায়। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিস। ধৃতের নাম রাজা চৌধুরী। বাড়ি কৃষ্ণনগর শহরের কদমতলা এলাকায়। ধৃতকে সোমবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
শহরের মধ্যে এই মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শহরবাসী। কারণ বেপরোয়া বাইক বাহিনীর দাপট নিয়ে দীর্ঘদিন ধরেই শহরবাসী অভিযোগ করছিলেন। এই ঘটনার পর অনেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। কোতোয়ালি থানার এক আধিকারিক জানান, বাইক চালককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সপ্তমবাবু। শহরের রাস্তাঘাট শুনশান ছিল। কৃষ্ণনগরের চাষাপাড়া গলির কাছে পোস্ট অফিস মোড়ের দিক থেকে একটি দ্রুতগতির বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিস মৃতদেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ওয়ার্ডের কাউন্সিলারের স্বামীরূপ ঘোষ দোষীর উপযুক্ত শাস্তি দাবি করেন।



