সংবাদদাতা, গঙ্গারামপুর: বৃহস্পতিবার কুশমণ্ডি ব্লকের জামবাড়ি কিষানমান্ডি পরিদর্শন করলেন পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস। বেশ কিছুদিন ধরেই কুশমণ্ডি কিষানমান্ডিতে শুরু হয়েছে কৃষকদের অসন্তোষ। যার জেরে মাঝে মাঝে ক্ষোভ উগরে দিচ্ছেন কৃষকেরা। কৃষকদের অভিযোগ, কুইন্টাল প্রতি ৫ কেজি ধলতা নিচ্ছেন মিল মালিকরা। কৃষকদের অভিযোগ, ধলতা দিতে অস্বীকার করলে ধান কেনা পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন মিল মালিকরা। এই অভিযোগ পৌঁছয় কুশমণ্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাসের কাছে। তিনি কিষাণমান্ডিতে পৌঁছে এদিন কৃষকদের সঙ্গে কথা বলেন। বিষয়টি জেলা খাদ্যদপ্তরের কাছে অভিযোগ আকারে জানাতে চলেছে কুশমণ্ডি পঞ্চায়েত সমিতি। সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বলেন, প্রত্যেকদিন ৬০ জনের কাছ থেকে ধান কেনার কথা। কিন্তু ৩০ জনের বেশি কৃষকের ধান নেওয়া হচ্ছে না। নিয়মের বাইরে গিয়ে কৃষকদের কাছ থেকে ধলতা নেওয়া হচ্ছে। বিষয়টি আমরা এবারে জেলা খাদ্যদপ্তর ও জেলা প্রশাসনকে জানাব।



