Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণগঞ্জ সীমান্তে  উদ্ধার দেড় কোটির সোনার বিস্কুট ও ইট

কৃষ্ণগঞ্জ সীমান্তে  উদ্ধার দেড় কোটির সোনার বিস্কুট ও ইট
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: অশান্ত বাংলাদেশ। প্রায় প্রতিদিনই সেখানে হিংসার ঘটনা ঘটছে। সেই অশান্তির আবহেও কিন্তু ভাটা পড়েনি চোরা চালানে। গত রবিবারও নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ সোনার বিস্কুট ও সোনার ইট বাজেয়াপ্ত হয়েছে। সেই সঙ্গে তিনজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে। রবিবার কৃষ্ণগঞ্জ থানার পুট্টিখালি এলাকায় এই সাফল্য মিলেছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১.৬৭ কেজি ওজনের ১২টি সোনার বিস্কুট ও ২টি সোনার ইট বাজেয়াপ্ত হয়েছে। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। একটি স্কুটিতে করে অবৈধ সামগ্রী পাচার করা হচ্ছিল। সেই স্কুটি ও একটি বাইক বাজেয়াপ্ত হয়েছে। সেই সমস্ত সামগ্রী বিএসএফ কৃষ্ণগঞ্জের মাটিয়ারি কাস্টমস অফিসে জমা করেছে। তবে বাংলাদেশের এই অশান্তির আবহেও চোরাকারবারিদের সক্রিয়তা বিএসএফের উদ্বেগ বাড়িয়েছে।  গত রবিবার কৃষ্ণগঞ্জের সীমান্ত সংলগ্ন ফাঁড়ি পুট্টিখালি এলাকায় সোনা পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ অভিযান চালায়। একটি বাইকে দুই ব্যক্তিকে যেতে দেখে বিএসএফের জওয়ানদের হন্দেহ হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায়, এক ব্যক্তি কৃষ্ণগঞ্জের গেদে সীমান্ত থেকে সোনার বিস্কুট নিয়ে আসছে তাদের দেওয়ার জন্য। তারপর সেগুলি রানাঘাটে পৌঁছে দিতে হবে তাদের। তখনই মাঝরিয়া-গাজনা রোড দিয়ে একটি স্কুটি করে পাচারকারী আসছিল। বিএসএফ জওয়ানদের দেখে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সফল হয়নি। জওয়ানরা তাকে আটক করে গাড়িতে তল্লাশি চালায়। গাড়ি থেকে কালো টেপ দিয়ে মোড়া ৩টি প্যাকেট উদ্ধার হয়। তাতে ১২টি সোনার বিস্কুট ও ২টি সোনার ইট পাওয়া যায়। বিএসএফ জওয়ানরা তিনজনকে গ্রেপ্তার করে এবং বাজেয়াপ্ত সোনা পুট্টিখালি সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্কুটি চালক জানায় যে, এই কাজের জন্য সে মোটা টাকা পেত। রানাঘাট রেলস্টেশন এবং রঘুনন্দপুর গ্রামের অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির কাছে ওই ৩টি প্যাকেট তার তুলে দেওয়ার কথা ছিল।  বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক বলেন, চোরাচালান রোধে বিএসএফের প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় বাসিন্দাদের জন্য বিএসএফের সীমা সাথী হেল্পলাইন ১৪৪১৯ বা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭-এর মাধ্যমে চোরাচালান সম্পর্কিত যে কোনও তথ্য জানাতে পারেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ