সংবাদদাতা, কৃষ্ণনগর: রাতের অন্ধকারে ফলন্ত কুলবাগান থেকে শতাধিক কুলগাছ কেটে নিল দুষ্কৃতীরা। কৃষ্ণগঞ্জের গোবিপুর মাঠে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় কুলবাগানের দুই মালিকের মাথায় হাত পড়েছে।
Advertisement
শংকর ঘোষ ও বিদ্যুৎ ঘোষ দুই ভাই। জমিতে আপেল কুল চাষ নিয়ে এলাকায় তাঁদের খ্যাতি রয়েছে। ফলন্ত কুলবাগান থেকে আর ১০-১৫দিনের মধ্যেই কুল তোলা যেত। কিন্তু তার আগেই আপেল কুলের বাগান থেকে দুষ্কৃতীরা শতাধিক কুলগাছ কেটে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কুলবাগানে গিয়ে শংকরবাবু দেখেন, তাঁর জমি থেকে প্রচুর কুলগাছ কাটা হয়েছে। তা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। তাঁর জমির পাশেই রয়েছে তাঁর ভাইয়ের কুলের জমি। সেই জমিতে গিয়েও দেখেন, কুলগাছ কাটা হয়েছে। বিদ্যুৎবাবু বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ফলন্ত কুলবাগান থেকে শতাধিক গাছ কেটে নিয়ে গিয়েছে। এতে আমাদের খুব ক্ষতি হয়েছে। আমরা পুলিসে অভিযোগ দায়ের করেছি। রাতের অন্ধকারে কুলগাছ কাটার ঘটনায় এলাকার চাষিরা আতঙ্কিত।



