Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কিষানগঞ্জ পুলিসের সঙ্গে যোগাযোগ রাখছে জিআরপি

কিষানগঞ্জ পুলিসের সঙ্গে যোগাযোগ রাখছে জিআরপি
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ওষুধ কোম্পানির নিখোঁজ এরিয়া সেলস ম্যানেজার জয় অধিকারীকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে জিআরপি। চলন্ত ট্রেন থেকে উধাও হয়ে যাওয়া ওই যুবকের মোবাইল নম্বর ট্র্যাকিংয়ে বসিয়ে তাঁর সন্ধান চালানো হচ্ছে। যদিও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। নিকট আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করেছে তাঁর পরিবারের লোকেরা। কিন্তু কোথাও ওই যুবক যাননি বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী শ্রবণী অধিকারী। উদ্বিগ্ন পরিবারটি। 
Advertisement
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মালদহ টাউন স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে চাপার পর স্ত্রী’র মোবাইলে শেষবার মেসেজ করেছিলেন। লিখেছিলেন, ট্র্যাপে পড়েছেন। ফাঁদ থেকে বের হয়েই ফোন করবেন। তারপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। 
শিলিগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার বাসিন্দা তিনি। জিআরপি আধিকারিকরা বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মালদহ টাউন স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস সাড়ে ৯টার পর ছাড়ে। ওই যুবক পৌনে ১২টা নাগাদ তাঁর স্ত্রী’র মোবাইলে মেসেজ করেছিলেন। জিআরপি’র আধিকারিকদের দাবি, ট্রেনটি ওই সময় কিষানগঞ্জের আশেপাশে ছিল। তদন্তে নেমে পুলিস জানতে পারে কিষানগঞ্জ এলাকাতে মোবাইল ফোন স্যুইচ অফ হয়। তাই জিআরপি বিহার পুলিসের সাহায্য নিয়ে যুবকের খোঁজ শুরু করেছে। এ প্রসঙ্গে জিআরপি’র সুপারিন্টেন্ডেন্ট কুনুয়ার ভূষণ সিং বলেন, আমরাও ওই ব্যক্তির খোঁজ শুরু করেছি। কিষানগঞ্জের পুলিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মোবাইল ফোন বন্ধ। খুললেই যাতে লোকেশন পাওয়া যায় তার চেষ্টা চলছে। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুজয় ঘটক বলেন, জয় অধিকারীর পরিবারের লোকেরা চিন্তিত। ছেলেটি তাঁর কোনও আত্মীয় পরিজনের বাড়িতেও যায়নি। আমরাও আমাদের মতো করে খোঁজখবর নিচ্ছি।
সম্পর্কিত সংবাদ