সংবাদদাতা, কৃষ্ণনগর: রবিবার কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুরে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সঞ্জীব ঘোষ(১৪)। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশে চূর্ণি নদীতে বসে প্রায় দিন ওই স্কুল পড়ুয়া মাছ ধরত। কিছুদিন আগে সে কিছু একটা দেখে ভয় পায়। সে অসুস্থ হয়ে পড়ে। কৃষ্ণগঞ্জ হাসপাতাল ও শক্তিনগর জেলা হাসপাতালে তার চিকিৎসা করা হয়। সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। রবিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে বলে পরিবারের দাবি। তাকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।



