সংবাদদাতা, কৃষ্ণনগর: এক তরুণী সহ চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিস। বাংলাদেশে অশান্তির মাঝেই কৃষ্ণগঞ্জ থানার ধরমপুর বিলপাড়ায় এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সোমি আখতার, ইমাম বিশ্বাস, শংকর অধিকারী ও রূপকুমার বিশ্বাস। তাদের বাড়ি বাংলাদেশের ঢাকায়। বর্তমানে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে গেদে সহ বিভিন্ন চেকপোস্টে দু’দেশের মানুষের আসা-যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা দেওয়া নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। কিন্তু কৃষ্ণগঞ্জ ব্লকে প্রায় আড়াই কিমি এলাকায় কাঁটাতার নেই। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। পুলিস জানিয়েছে, শুক্রবার বিকেলে এক তরুণী, দুই যুবক ও এক বয়স্ক ব্যক্তিকে বিলপাড়ার একটি বাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিস খবর পেয়ে সেখানে পৌঁছয়। ওই চারজনের অসংলগ্ন কথাবার্তায় পুলিসের সন্দেহ বাড়ে। জিজ্ঞাসাবাদে উঠে আসে, এই চারজন কাজের সন্ধানে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। বৈধ কাগজপত্র না পেয়ে সন্ধ্যায় পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতরা ওই এলাকারই একজনের বাড়িতে থাকছিল। ঘটনার পর থেকে সেই বাড়ির মালিক পলাতক।



