সংবাদদাতা, কৃষ্ণনগর: সীমান্ত লাগোয়া ব্লক কৃষ্ণগঞ্জে বিডিও অফিসে আসা মানুষের জন্য ক্যাফেটেরিয়া ও ওয়াটার এটিএম উদ্বোধন হল। শুক্রবার এসবের পাশাপাশি বিডিও অফিসে নতুনভাবে সংস্কার করা মিটিংহলের উদ্বোধন করেছেন কৃষ্ণনগর সদর মহকুমাশাসক শারদ্বতী চৌধুরী। ১৫অর্থ কমিশন সহ সরকারি খাতের প্রায় ১০লক্ষ টাকা খরচে এই কাজ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিডিও সৌগতকুমার সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। সদর মহকুমাশাসক বলেন, এই সীমান্ত এলাকার অসংখ্য মানুষ প্রতিদিন বিডিও অফিসে আসেন। তাঁদের এই ক্যাফেতে সুলভ মূল্যে খাবার দেওয়া যাবে। সেইসঙ্গে পরিস্রুত পানীয় জলও স্বল্পমূল্যে পাওয়া যাবে।
Advertisement
কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে সীমান্ত এলাকার দূরদূরান্ত থেকে মানুষ নানা কাজে আসেন। তাঁদের যাতে পরিস্রুত পানীয় জল, খাবার পেতে অসুবিধা না হয়-সেজন্য বেশ কিছুদিন ধরে ব্লক প্রশাসন চিন্তাভাবনা করছিল। সেইমতো এদিন দুপুরে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে চার লক্ষ টাকা ব্যয়ে তৈরি ক্যাফের উদ্বোধন করেন সদর মহকুমাশাসক। এর নাম দেওয়া হয়েছে ‘ক্যাফে কৃষ্ণগঞ্জ’। এটি চালানোর দায়িত্ব ‘নারী প্রগতি সঙ্ঘ’ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়া হয়েছে। এই ক্যাফেতে সুলভ মূল্যে প্যাটিস, কেক, পেস্ট্রি, কফি মিলবে। পরিস্রুত পানীয় জলের পরিষেবা দিতে একটি ওয়াটার এটিএমও চালু হয়েছে। সেখানে ২ টাকার কয়েন ফেললেই জল মিলবে। এই ওয়াটার এটিএম তৈরিতে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে। এছাড়া, ২ লক্ষ টাকা ব্যয়ে বিডিও অফিসের মিটিংহল সংস্কার হয়েছে। কৃষ্ণগঞ্জের বিডিও সৌগতকুমার সাহা বলেন, কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে ক্যাফে ও ওয়াটার এটিএম এই প্রথম হল। আমরা ক্যাফের জন্য ফ্রিজ, মাইক্রোওভেন ও কফি মেশিন দিয়েছি। যাতে ক্যাফে চালাতে কোনও অসুবিধা না হয়।



