Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষক সেতুতে দুর্ঘটনায় মৃত্যু বধূর, কোল থেকে ছিটকে পড়ল শিশু

কৃষক সেতুতে দুর্ঘটনায় মৃত্যু বধূর, কোল থেকে ছিটকে পড়ল শিশু
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার সন্ধ্যায় বর্ধমানের কৃষক সেতুতে তেল ট্যাঙ্কারের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর আট মাসের শিশু গুরুতর জখম হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম সাথী ঘোষ(২০)। তাঁর বাড়ি খণ্ডঘোষের কাপসিট এলাকায়। এদিন সন্ধ্যায় তিনি স্বামীর বাইকে চড়ে বর্ধমান থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন। উল্টোদিক থেকে আসা একটি তেল ট্যাঙ্কার বাইকে ধাক্কা মারে। তিনজনই ছিটকে পড়েন। বধূর মাথার উপর দিয়ে ট্যাঙ্কারের চাকা চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শিশুটিকে পুলিস চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মৃতার স্বামীও জখম হয়েছেন। দুর্ঘটনার জেরে কৃষক সেতুতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, কৃষক সেতু মরণ ফাঁদ হয়ে রয়েছে। প্রায়দিনই দুর্ঘটনা ঘটছে। যানজটেও এলাকার বাসিন্দাদের নাকাল হতে হচ্ছে। এদিন মর্মান্তিক দুর্ঘটনার জেরে খণ্ডঘোষ থানা লাগোয়া কাপসিট গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ