নিজস্ব প্রতিনিধি, মালদহ: ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রদানের বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে শিবিরের আয়োজন করে মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্স। এদিন মালদহ বণিকসভার সভাকক্ষে আয়োজিত এই শিবিরে ৬০ জনের বেশি ব্যবসায়ী ঋণের জন্য আবেদন করেন। মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, রাজ্য সরকার ছোট ব্যবসায়ীদের জন্য ৫-১৫ হাজার টাকার ব্যবস্থা করে। যাঁরা রাস্তায় জুতো পালিশ করেন, চুল কাটেন, কাঠমিস্ত্রির কাজ করেন, তাঁদের জন্যই এই সুবিধা প্রদান করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দু’টি পর্যায়ে এই টাকা প্রদান করবে সরকার। এরমধ্যে থেকে কিছু টাকা ব্যবসায়ীদের এককালীন প্রদান করা হবে। এই টাকা তাঁদের ফেরত দিতে হবে না। কিছু টাকা ঋণ হিসেবে ব্যবসায়ীদের প্রদান করা হবে।



