সংবাদদাতা, ধূপগুড়ি: অজানা প্রাণীর কামড়ে এক কিশোরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির বারোঘরিয়া পঞ্চায়েতের জহরেরটারি এলাকায়। সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। মৃত কিশোরের নাম মহাব্বত আলি (১৪)। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন মা বাবাকে সাহায্য করার জন্য জমিতে ধান কাটতে গিয়েছিল মহাব্বত। সেই সময় কিছু একটা তার পায়ে কামড় দেয়। অসুস্থ অনুভব করলে বাড়ির লোকজন তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিস হাসপাতালে এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।



