Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কিশোরীকে ধর্ষণ করে অশ্লীল ছবি-ভিডিও ভাইরাল করার অভিযোগ, বর্ধমানে ধৃত ২

কিশোরীকে ধর্ষণ করে অশ্লীল ছবি-ভিডিও ভাইরাল করার অভিযোগ, বর্ধমানে ধৃত ২
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: কিশোরীকে ধর্ষণ ও তার অশ্লীল ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার থানার পুলিস। ধৃতদের নাম শেখ আমির হোসেন ও রাজু হক মোল্লা। গলসি থানার শশঙ্গায় প্রথমজনের বাড়ি। অপরজনের বাড়ি গলসি থানার শিমুলিয়ায়। রবিবার ভোররাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার পকসো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। সেখানেই পুলিসি হেফাজতের আবেদনের শুনানি হবে। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিস। 
Advertisement
পুলিস জানিয়েছে, ঘটনার বিষয়ে ওই কিশোরী নিজেই থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগে সে জানিয়েছে, বছরখানেক আগে আমির তাকে ধর্ষণ করে। তার অশ্লীল ছবি মোবাইলে তুলে রাখে। কিছুদিন আগে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করে। হোয়াটসঅ্যাপে তার অশ্লীল ছবি পাঠানো হয়। এমনকী, তাকে রাজুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বলা হয়। সে রাজুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য হয়। এরপর রাজুর মোবাইল থেকেও আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়। থানার এক অফিসার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। মোবাইল উদ্ধারের জন্য ধৃতদের হেফাজতে নেওয়া হয়েছে। 
মহিলাকে মারধর ও শ্লীলতাহানি, ধৃত ১: মহিলাকে মারধর ও তাঁর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম পরেশ মুদি ওরফে পাগলু। শক্তিগড় থানার বামগ্রামে তার বাড়ি। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ডাকাত সন্দেহে ধৃত ২: ডাকাত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম ছোটন দলুই ও রাকেশ সরকার। বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ ও বীরহাটা এলাকায় তাদের বাড়ি। রবিবার ভোরে জাতীয় সড়কে লাকুর্ডির কাছ থেকে দু’জনকে ধরা হয় বলে পুলিসের দাবি। অন্যদিকে, ডাকাত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার অধীন গুসকরা বিট হাউসের পুলিস। ধৃতের নাম সঞ্জীব দাস কর্মকার ওরফে রাজা। ভাতার থানার এরুয়ার গ্রামে তার বাড়ি। ধৃত তিনজনকে এদিন বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
সম্পর্কিত সংবাদ