Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুয়াশার সুযোগে পাচার, বিএসএফের গুলিতে জখম এক বাংলাদেশি

কুয়াশার সুযোগে পাচার, বিএসএফের গুলিতে জখম এক বাংলাদেশি
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: ঘন কুয়াশার সুযোগ নিয়ে গোরু পাচারের চেষ্টা। সতর্ক বিএসএফ জওয়ানরা তা রোখার চেষ্টা করতেই আক্রমণ চালায় পাচারকারীরা। প্রতি আক্রমণে বিএসএফের গুলিতে জখম এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে বিএসএফের ৯০ নম্বর ব্যাটালিয়নের অন্তর্গত দিনহাটার পঞ্চাধ্বজি সীমান্তে। 
Advertisement
সিঙ্গিমারি নদীর ওপারে মদনাকুঁড়া গ্রাম সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। কুয়াশা পড়া শুরু হতেই গোরুপাচারকারীদের তৎপরতা বেড়ে গিয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার খোলা সীমান্ত দিয়ে অন্তত ৩০ জন পাচারকারী ভারতীয় গ্রাম মদনাকুঁড়াতে প্রবেশ করে। বিএসএফ বাধা দিতেই পাচারকারীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। আত্মরক্ষার্থে ছড়রা গুলি চালান এক বিএসএফ জওয়ান। হেলাল মিয়াঁ নামে বাংলাদেশের লালমনিরহাট জেলার দুর্গানগর গ্রামের বাসিন্দা এক পাচারকারীর মুখে গুলি লাগে। অন্য পাচারকারীরা পালিয়ে যায়। জখম সেই বাংলাদেশিকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে বিএসএফ। পরে তাকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। জওয়ানদের উপর আক্রমণের ঘটনায় দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে বিএসএফ। 
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক শীর্ষ কর্তা বলেন, কুয়াশার সুযোগ নিয়ে গোরুপাচারের চেষ্টা হয়। কর্তব্যরত জওয়ানরা তা রুখে দিয়েছেন। এক জওয়ানের উপর আক্রমণ করে বাংলাদেশি পাচারকারীরা। আত্মরক্ষার্থে তিনি গুলি চালান। সেই গুলিতে এক পাচারকারী জখম হয়েছেন। সে হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পর্কিত সংবাদ