Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুয়াশার সুযোগে আত্রেয়ী থেকে দেদার বালি পাচার

কুয়াশার সুযোগে আত্রেয়ী থেকে দেদার বালি পাচার
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: কুয়াশার সুযোগে বালুরঘাটে দেদারে বালি পাচার চলছে। বালুরঘাটের পাগলিগঞ্জ, ফুলঘড়া, রাজাপুরে আত্রেয়ী নদীতে নৌকা ও ট্রাক্টর নামিয়ে চলছে বালি পাচার। অভিযান চালিয়েও অবৈধ কারবার বন্ধ করতে পারছে না প্রশাসন। অভিযানে গিয়ে রীতিমতো হুমকির মুখে পড়ছেন ভূমিদপ্তরের কর্তারা। এমনকী, মারধরও করা হচ্ছে বলে অভিযোগ। কার্যত দাপিয়ে বেড়াচ্ছে বালি মাফিয়ারা। প্রশাসন মুখে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও বাস্তবে কোনও কাজই হচ্ছে না।
Advertisement
এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রাসিদ বলেন, বালি চুরি নিয়ে আমরা লাগাতার অভিযান চালাচ্ছি। চরগুলিতে যাওয়ার পথ সুগম না থাকায় ধরা একটু কষ্টকর। তবে রাস্তাতে আমরা লাগাতার অভিযান চালিয়ে ট্রাক্টর ধরছি। অনেক টাকাও জরিমানা করা হচ্ছে। যারা আধিকারিকদের সরকারি কাজে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। খুব তাড়াতাড়ি বালি খাদানের ডাক হবে। বালি চুরি রুখতে পুলিসও সজাগ পুলিস, বলছেন বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। তাঁর কথায়, সব জায়গায় নজরদারি চলছে। অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। 
বালুরঘাটে বালিপাচারের অন্যতম মুক্তাঞ্চল পাগলিগঞ্জ এলাকা। সেখান থেকে দিনেই অবাধে বালি পাচার চলে। আধিকারিকদের অভিযানে পাগলিগঞ্জে কিছুটা বালিপাচার কমলেও রাজাপুরে দেদারে চলছে এই কারবার।  এলাকাটি দুর্গম হওয়ায় ভূমিদপ্তরের গাড়িও সেখানে ঢুকতে পারে না।
প্রশাসন সূত্রে খবর, বালুরঘাট,কুমারগঞ্জ সহ জেলার বিভিন্ন জায়গায় বালি মাফিয়ার দাপটে উদ্বিগ্ন জেলা প্রশাসন। বালি পাচার রুখতে গিয়ে  মাঝেমধ্যেই বালি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে বালি পাচার রুখতে গিয়ে বালি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হয় আধিকারিকদের। ভূমিদপ্তরের গাড়িকে ধাক্কা দিয়ে ট্রাক্টর পালিয়ে যায় বলে অভিযোগ। জেলায় কুয়াশার কারণে নদীতে দৃশ্যমানতা কম থাকায় নদীর মধ্যে নৌকো নামিয়ে এবং ট্রাক্টর  নামিয়ে বালি পাচার চলছে বলে স্থানীয়দের বক্তব্য।
সম্পর্কিত সংবাদ