Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুয়াশার আড়ালে বাংলাদেশে হেরোইন পাচারের চেষ্টা, ধৃত ২

কুয়াশার আড়ালে বাংলাদেশে হেরোইন পাচারের চেষ্টা, ধৃত ২
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: কুয়াশাকে ঢাল করে বাংলাদেশে হেরোইন পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। পাকড়াও করার সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিসের উপর হামলা চালায় বলে অভিযোগ। যদিও পুলিসের তৎপরতায় শেষ পর্যন্ত ছয় লক্ষ টাকার হেরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গভীর রাতে লালগোলা থানার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া আশারিদহ বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার ঘটনা। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম টুটুল শেখ ও আনারুল শেখ ওরফে মানিক। দুইজনেই লালগোলার আয়েরমারি এলাকার বাসিন্দা। ধৃতদের বুধবার বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হয়। বিচারক তাদের চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। ভগবানগোলা এসডিপিও উত্তম গরাই বলেন, সোর্স মারফত আগাম খবর ছিল, ওইদিন রাতে আশারিদহ এলাকা দিয়ে বাংলাদেশে হেরোইন পাচার হবে। সেই খবর মোতাবেক ওই রাস্তায় নাকা তল্লাশি শুরু হয়। রাত প্রায় আড়াইটে নাগাদ দুই কারবারিকে আশারিদহ বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় আটক করে তল্লাশি চালানোর সময় ২৭২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক কারবারের সঙ্গে আর কারা যুক্ত এবং কাকে সেগুলি তারা পৌঁছতে যাচ্ছিল, সেটা জানতে হেফাজতে নেওয়া হয়েছ।  লালগোলা থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত। মঙ্গলবার রাতে বাংলাদেশে হেরোইন পাচার করতে তারা আশারিদহ বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার মাঠের পথ দিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। পুলিসকে দেখে তারা সীমান্তের দিকে ছুটতে শুরু করে। কর্তব্যরত পুলিস কর্মীরা পিছু ধাওয়া করলে বেগতিক দেখে সঙ্গে রাখা হাঁসুয়া দিয়ে হামলার চেষ্টা করে। যদিও তৎপরতার সঙ্গে মাদক কারবারি দুই যুবককে পাকড়াও করা হয়। তল্লাশি চালানোর সময় লুঙ্গির ভিতরে লুকিয়ে রাখা একটি প্যাকেটে হেরোইন উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, শীতের কয়েকমাস সীমান্তের ফাঁকা এলাকা সন্ধ্যা নামতেই কুয়াশায় ঢেকে যায়। সকাল পর্যন্ত দৃশ্যমানতা খুবই কম থাকে। ফলে ঘন কুয়াশায় মাদক কারবারি থেকে চোরাচালানকারীদের গতিবিধি ঠাওর করার ক্ষেত্রে সমস্যা হয়। ফলে এইসময় সীমান্তের চোরাকারবারিদের পৌষমাস।
Advertisement
সম্পর্কিত সংবাদ