Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কাশীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুল ছোড়াকে ঘিরে বিশৃঙ্খলা

মঙ্গলবার রাতে কাশীপুরে সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুল ছোড়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়ায়। কমিটির লোকজন মঞ্চে ফুল ছুড়তে নিষেধ করলেও কয়েকজন কিশোর তা শোনেনি। এনিয়ে দু’পক্ষের বাদানুবাদ হয়

কাশীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুল ছোড়াকে ঘিরে বিশৃঙ্খলা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: মঙ্গলবার রাতে কাশীপুরে সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুল ছোড়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়ায়। কমিটির লোকজন মঞ্চে ফুল ছুড়তে নিষেধ করলেও কয়েকজন কিশোর তা শোনেনি। এনিয়ে দু’পক্ষের বাদানুবাদ হয়। পরে এক ক্লাব সদস্যকে মারধর করা হয়। বিষয়টি নিয়ে বুধবার কমিটির এক সদস্য ছয় কিশোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান। পুলিস অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃত ছয় কিশোরের বাড়ি কাশীপুরের বাথানতাড় গ্রামে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশীপুরের পঞ্চকোটরাজ পোস্ট অফিসের কাছে একটি ক্লাব রয়েছে। ওই ক্লাবের সদস্যরা সরস্বতী পুজোর আয়োজন করেছিল। পুজো উপলক্ষ্যে স্থানীয় খুদে, কচিকাঁচা ও যুবক-যুবতীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার রাতে মঞ্চে কয়েকজন যুবতী নৃত্য পরিবেশন করছিলেন। সেই সময় মঞ্চ সাজানোর ফুল ছিড়ে কয়েকজন কিশোর তা নৃত্য পরিবেশনকারী যুবতীদের দিকে ছুড়তে শুরু করে। পাশাপাশি অনুষ্ঠান দেখতে আসা মহিলাদের ফুল ছুড়ে বিরক্ত করছিল। অশ্লীল ভাষায় গালিগালাজও করছিল। পুজো কমিটির সদস্যরা ওই কিশোরদের বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য বলে। তাদের সেখান থেকে চলে যেতে বলা হয়। বিষয়টি নিয়ে কিশোরদের সঙ্গে পুজো কমিটির সদস্যদের দীর্ঘক্ষণ বাদানুবাদ চলে। পরে কিশোররা সেখান থেকে চলে যায়। পুজো কমিটি তথা ক্লাবের সহ-সভাপতি সমর কর বলেন, অনুষ্ঠান শেষে একা বাড়ি ফিরছিলাম। সেই সময় ছয় কিশোর আমার পথ আটকায়। আমাকে মাটিতে ফেলে ব্যাট দিয়ে বেধড়ক মারধর করে। ক্লাবের অন্যান্য সদস্যরা ছুটে এসে আমাকে রক্ষা করে। স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে হয়। আমাকে প্রাণে মারার জন্য শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ