সংবাদদাতা, রঘুনাথপুর: কাশীপুরের মণিহারা গ্রাম পঞ্চায়েতের পাথরডিহা গ্রামের একটি পাড়ায় ঢালাই রাস্তার কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ। শুক্রবার এনিয়ে বিজেপির তরফে বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কাশীপুরের বিডিও সুপ্রিম দাস বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামটি মণিহারা পঞ্চায়েতের অন্তর্গত হলেও ওই পাড়ার কয়েকটি পরিবার পাশের কালিদহ গ্রাম পঞ্চায়েতের খন্নি বুথে ভোট দেয়। তাই কালিদহ গ্রাম পঞ্চায়েতের তরফে ওই পাড়ায় ঢালাই রাস্তার কাজ ধরা হয়েছিল। বৃহস্পতিবার ঠিকাদার সংস্থার তরফে ঢালাই রাস্তার কাজ করা হয়। মণিহারা পঞ্চায়েতের বিজেপির সদস্য মলয় মিশ্র, পরিতোষ পরামানিক ও বিজেপির কাশীপুর মণ্ডল সভাপতি কৃষ্ণ হালদার লিখিত অভিযোগে বিডিওকে জানান, রাস্তার কাজ নিম্নমানের হয়েছে। মলয়বাবু বলেন, রাস্তার কাজ নিয়ে গ্রামবাসীরা ঠিকাদার ও পঞ্চায়েতকে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। তাঁরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেন। ঢালাইয়ের কাজ দেখতে গিয়ে দেখি, একদিন পেরিয়ে গেলেও রাস্তা জমাট বাঁধেনি। হাত দিয়ে খুঁড়লেই ঢালাই উঠে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছি। কালিদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীনারায়ণ মাণ্ডি বলেন, ওইদিন রাত পর্যন্ত ঢালাই হয়েছিল। পরের দিন ভোরের দিকে বৃষ্টি হয়ে যায়। ফলে ঢালাই জমাট বাঁধতে সময় লাগে। বিজেপি সদস্যরা রাস্তা নিয়ে মিথ্যা অভিযোগ করছেন।



