সংবাদদাতা, রঘুনাথপুর: ওভারলোডেড বালি পাচারের অভিযোগে বৃহস্পতিবার কাশীপুর থানার পুলিস দু’টি ডাম্পার আটক করে। ঘটনায় ডাম্পারের দুই চালককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন খবর আসে আদ্রা-কাশীপুর রাজ্য সড়ক ধরে দু’টি বালিবোঝাই ডাম্পার আসছে। ডাম্পারগুলিতে অতিরিক্ত বালিবোঝাই রয়েছে। লাগার বাঁধ মোড়ের কাছে ডাম্পার দু’টিকে দাঁড় করানো হয়। চালকদের বালির চালান দেখাতে বলা হয়। চালান দেখে পুলিসের সন্দেহ হয়। তারপরই গাড়ি দু’টিকে স্থানীয় একটি কাঁটা ঘরে নিয়ে গিয়ে ওজন করা হয়। তাতেই দেখা যায় গাড়ি দু’টি ওভারলোডেড রয়েছে। এরপরই গাড়িগুলি পুলিস আটক করে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।



