সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার রাতে কাশীপুর থানা এলাকায় দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম পারুল মণ্ডল (২০)। তার বাড়ি কাশীপুর থানার লহাট গ্রামে। ওই ছাত্রী রঘুনাথপুর কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। ছাত্রীর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য দেখা গিয়েছে। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো ওইদিনে রাতে পারুল খাবার খেয়ে নিজের রুমে শুতে যান। কিছু সময় পর পরিবারের সদস্যরা ওই ঘরে কিছু পড়ে যাওয়ার শব্দ পান। তাঁরা গিয়ে ঘরের মধ্যে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
পরিবারের সদস্যরা বলেন, তেমন কোনও ঘটনা হয়নি। তারপরেও মেয়েটি কেন এমন ঘটনা ঘটালো তা নিয়ে হতবাক হয়েছি। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে রবিবার দেহটি পুরুলিয়া ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



