সংবাদদাতা, রঘুনাথপুর: বেআইনিভাবে কয়লা মজুত রাখার অভিযোগে মঙ্গলবার কাশীপুর থানার পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত হিমাংশু কুম্ভকারের বাড়ি কাশীপুর থানার কালীদহ গ্রামে। ধৃতকে বুধবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কালীদহ গ্রামে ওই ব্যক্তির একটি ইটভাটা রয়েছে। সেখানে ইট পোড়ানোর জন্য কয়লা মজুত রাখা হয়েছিল। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিস সেখানে তল্লাশি চালিয়ে আট কুইন্টাল কয়লা উদ্ধার করে। মজুত কয়লার কোনও বৈধ কাগজপত্র না দেখাতে পারায় হিমাংশুকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ওই কয়লা কোথা থেকে আনা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।



