সংবাদদাতা, গঙ্গারামপুর: শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার জিয়ালা এলাকায় আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কিশোরীর পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার কিশোরী তার বাড়ির পাশে ধানের জমিতে ঘাস কাটতে যায়। সন্ধ্যা গড়িয়ে এলে এক যুবক কিশোরীকে ধানের খেতে ফেলে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর বাবা ও মা পরিযায়ী শ্রমিকের কাজে ভিনরাজ্যে থাকেন। কিশোরী তার পিসির কাছে থাকে। সন্ধ্যা গড়িয়ে গেলেও কিশোরী বাড়ি না ফেরায় পিসি খুঁজতে রেরিয়ে ধানের জমি থেকে কিশোরীকে উদ্ধার করেন। যদিও যুবকের নাম জানে না কিশোরী। প্রতিবেশী এক যুবক ধর্ষণের ঘটনা দেখলেও কিশোরীকে উদ্ধার করেনি অভিযোগ। শুক্রবার কিশোরীর পিসি কুশমণ্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে খুঁজতে ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষদর্শী যুবককে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, দশম শ্রেণির ছাত্রী মাঠে ঘাস কাটতে গিয়েছিল। সেই সময় এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ। অভিযুক্তের নাম উল্লেখ করেনি। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।



